লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগের দাবিতে বিক্ষােভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলেজ শাখার নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষােভ করেন তারা। এ সময় কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিমকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, কােটা সংস্কার আন্দোলনের সময়ে কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। অথচ অধ্যক্ষ কােনও শিক্ষার্থীর খোঁজখবর নেননি। এমনকি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের প্রতিও তার বিদ্বেষ ছিল। তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। যার কারণে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও আহতদের খোঁজ নেননি। তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, একজন অধ্যক্ষ কীভাবে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন, তা আমাদের বোধগম্য নয়। তিনি ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সব ধরনের সুযােগ-সুবিধা দিতেন। কলেজের অনেক টাকা লুটপাট করেছেন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ কলেজের বিভিন্ন উন্নয়ন খাতের টাকা মেরে দিয়েছেন। তাই আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিমকে পদত্যাগ করতে হবে। না হয় আমরা আরও কঠাের কর্মসূচি দিতে বাধ্য হবো।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবু সিনা সৈয়দ তারেক বলেন, ‘সরকার পতনের পর থেকে অধ্যক্ষ মাহবুবুল করিম পলাতক রয়েছেন। আমরা জানি না, অধ্যক্ষ হয়েও কেন তিনি পালিয়ে গেছেন। শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। আমরাও চাই তিনি অধ্যক্ষ মাহবুবুল করিম পদত্যাগ করুক। কারণ তিনি দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতদিন আমরা তার কাছে জিম্মি ছিলাম। এখন থেকে আমরা তার অধীনে শিক্ষকতা করতে চাই না, কলেজের সব শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আছে।’








