লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎ মা, ছোট ভাই ও ভাগনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারেক নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সখিনা বেগম (৩৮), তার ছেলে মাহিন (৫) ও নাতনি ফারিয়া আক্তার (সাড়ে তিন বছর)। স্থানীয়রা তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছেন।
চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী জানান, সিডু মিস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুই দিন আগে তিনি বাড়িতে আসেন। ঘটনার সময় প্রথমে সৎ মাকে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগনিকেও হত্যা করেছে তারেক। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।
রাত সাড়ে ৯টার দিকে রামগতি থানা পুলিশের ওসি মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে।









