চট্টগ্রামের মীরসরাইয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন প্রার্থনা মজুমদার নামে এক নারী। গত ২২ আগস্ট সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ইসলামপুর গ্রামে বন্যার পানি বেড়ে গেলে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আসেন প্রার্থনা। পরে বিকালে প্রসব বেদনা শুরু হলে তাকে মিঠাছরা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে রাতে কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী।
প্রার্থনা মজুমদার উপজেলার ইসলামপুর গ্রামের লব দাশ মজুমদারের স্ত্রী।
মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম বলেন, ‘গত ২২ আগস্ট সকালে বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আসেন ওই নারী। বিকালে রাতে স্থানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। হাসপাতালে চার দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে আবারও আশ্রয়কেন্দ্রে পরিবারের সঙ্গে থাকছেন তিনি। মা ও মেয়ে সুস্থ আছে। হাসপাতালে প্রার্থনার চিকিৎসা খরচ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে পরিশোধ করা হয়েছে। তার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সুষম খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে মিঠাছরা উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে প্রায় ২২০ জন আশ্রয় নেয়। বিভিন্ন গ্রামে পানি নেমে যাওয়ায় সোমবার প্রায় ১০০ জন চলে গেছেন। মঙ্গলবার পর্যন্ত বিদ্যালয়ে ১২০ জন মানুষ আশ্রয়ে আছেন।’








