কুমিল্লায় ট্রাক্টরচালকের ঘুষিতে আরিফুল ইসলাম (৩০) নামে ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
অটোরিকশাচালক আরিফুল ইসলাম কুমিল্লার বরুড়া উপজেলার নোয়াদ্দা গ্রামের আবদুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে নগরীর জাঙ্গালিয়ায় ট্রাক্টরচালক আবুল হোসেন (৩৫) একটি অটোরিকশা করে পদুয়ার বাজার যাচ্ছিলেন। এ সময় তাকে বহনকারী অটোরিকশার সঙ্গে অন্য একটি অটোরিকশার সংঘর্ষ হয়। পদুয়ার বাজারে পৌঁছে আবুল হোসেন ওই অটোরিকশাচালক আরিফুল ইসলামকে ধরে। পরে তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে আবুল হোসেন আরিফুল ইসলামকে ঘুষি মারলে আরিফ ঘটনাস্থলেই জ্ঞান হারায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আবুল হোসেন কুমিল্লা সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো.আইয়ুব জানান, ট্রাক্টরচালকের ঘুষিতে অটোরিকশাচালক আরিফ মারা গেছেন। আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরচালক আবুলকে আটক করা হয়েছে।
/জেবি/টিএন/







