নোয়াখালীর হাতিয়া উপজেলায় মো. বেলাল উদ্দিন (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বেলাল উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক মিস্ত্রির ছেলে।
জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সাহারাজ মিয়া বলেন, ‘বেলাল দুপুরে তার ওয়ার্ডের নিমতলী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে ফেরার পথে উপজেলার কাদিরা সুইচ এলাকায় পৌঁছালে একই ওয়ার্ডের জুয়েল (৩২) ও তার ভাই সোহেল (৩০) তাদের সহযোগীরা ওপর হামলা চালায়। ওই সময় তারা তার পেছন থেকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা বেধড়ক মারধর করে চলে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।’
নিহতের বাবা আব্দুল মালেক মিস্ত্রি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জুয়েল ও সোহেলের ওয়ার্কশপ দোকানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। আমরা সারা জীবন বিএনপি করছি। এটাই আমাদের অপরাধ। এর আগেও জুয়েল ও তার লোকজন আমার ছেলেকে মারধর করে তার দোকানে তালা মেরে মালামাল সব লুট করে নিয়ে যায়। এ ছাড়া স্থানীয় সেন্টার বাজার থেকে আমার ছেলেকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যায়। আমার নাতিকে পিটিয়ে পঙ্গু করে দেয়। তাদের মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে আমার চার ছেলে বিদেশ চলে গেছে। শেষ পর্যন্ত এক ছেলেকে হত্যা করা হয়েছে।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, ‘পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’









