বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ-অস্ত্রবাজদের জায়গা নাই। তারেক রহমানের নির্দেশ, যারা এ সমস্ত কাজে লিপ্ত থাকবে তারা যে দলেরই হোক তাদেরকে বাধা দিতে হবে। তাদের বিএনপিতে কোনও জায়গাই নাই। তাদেরকে আইনের হাতে তুলে দেবেন আপনারা।’
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট মাদ্রাসা মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘আমরা চাই শান্তি। সবাইকে নিয়ে এগিয়ে যাবো। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে, সংস্কারের প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে মৌলিক সমস্যার সমাধান আছে। এই সংস্কারে মধ্যে আমাদের সঙ্গে যারা যুগপত আন্দোলনে আছে সবাই ঐকমত্য পোষণ করেছে।’
তারেক রহমান জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়নের কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন যে মনোজগতের সৃষ্টি হয়েছে এই মনোজগৎ বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে। যুবসমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন হবে। ৩১ দফা বাস্তবায়নের পর যদি কোনও সংস্কারের প্রয়োজন হয়, বিএনপি সেটা করবে।’
তিনি আরও বলেন, ‘আজকে ত্রাণ দিতে আমরা এসেছি। তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটি দুর্গত এলাকায় আমাদের নেতাকর্মীরা ছুটে গিয়েছে। তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের দুঃখের সঙ্গে তারা দাঁড়িয়েছে। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষমতায় চেষ্টা করে যাচ্ছি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণের রাজনীতি। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের রাজনীতি।’
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









