নোয়াখালীতে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী একই বিভাগের ছাত্র আশিক সরকার।
এর আগে গত ২৭ আগস্ট ত্রাণবাহী গাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দুর্ঘটনায় ফাহিমসহ ১২ জন শিক্ষার্থী আহত হন। আট দিন আইসিউতে থাকার পর অবস্থার অবনতি দেখে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর বুধবার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম আহমেদ পলাশ দিনাজপুর খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
আশিক সরকার বলেন, দুর্ঘটনার পর চমেকেই পলাশের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় ৮ দিন পর ঢাকায় নিয়ে যাওয়া হয় ফাহিমের। এরপরও তাকে বাঁচানো যায়নি। মানুষকে সাহায্য করতে গিয়ে প্রাণ গেলো।









