সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আশ্রয়দানকারী ভারতে চাঁদপুরের রুপালি ইলিশ পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খালেদ হাসান। সেই সঙ্গে দেশে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি, দুর্নীতির চেষ্টা করছে তাদের রুখে দেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময়’ সভায় বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।
সমন্বয়ক খালেদ হাসান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদপুর জেলার বেশ কয়েকজন ভাই শহীদ হয়েছেন। চাঁদপুরের যাদের জীবনের বিনিময়ে আজকের এই সোনার বাংলা পেরেছি। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আর এই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। আমরা দেখতে পাই, স্বৈরাচারী শেখ হাসিনা ইন্ডিয়ায় গিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। এই চাঁদপুরের ইলিশ ইন্ডিয়ায় যায়। যারা ব্যবসায়ী আছেন, আজ থেকে ইন্ডিয়ায় চাঁদপুরের ইলিশ যাওয়া বন্ধ করে দেন। এতো বছর যাবৎ আমরা বাংলার জনগণ ন্যায্যভাবে ইলিশ খেতে পারতাম না। কিন্তু দেখা যাচ্ছে ইন্ডিয়ায় ঠিকই ইলিশ যাচ্ছে। উপহার হিসেবে ইলিশ পাঠানো হয়। আমরা আর উপহার দেবো না। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের আমরা উপহার দিতে পারবো না।’
তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করা হয়েছে। এই কৃত্রিম বন্যার জন্য ভারত দায়ী। আমরা আমাদের সব দিক থেকে তাদের বন্ধ করে দেবো। এর মধ্যে একটি হলো ইলিশ। এটি পাঠানো বন্ধ করে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, সারা দেশে সমন্বয়ক, সহ-সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, দুর্নীতি করার চেষ্টা করছেন, তা করতে দেওয়া হবে না। যেই ছাত্রসমাজ পনেরো বছরের ফ্যাসিবাদী রুখতে পেরেছে তারা আবার সেভাবে এসব সমন্বয়ক ও সহ-সমন্বয়কদেরও রুখতে পারবে। যারা আবারও চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলদারত্ব করবে তাদের বিরুদ্ধে আবারও মাঠে নেমে আসবে।’
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, মো. মহিউদ্দিন, আলী আহম্মেদ আরাফ, তাসনিয়া নাওরীন ও জিয়া উদ্দিন আয়ান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সমন্বয়ক নাদিম পাটওয়ারী, জোবায়ের হোসেন, আব্দুল রহমান, হাসান মাহমুদসহ অন্যান্যরা।









