লক্ষ্মীপুরে কথিত হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা চাওয়ার ঘটনায় রায়পুরের কৃষক দল নেতা জসিম চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠায় রায়পুর উপজেলা কৃষক দল। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে রায়পুর উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন আরিফ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জসিমের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় শৃঙ্খলাপরিপন্থি অপরাধমূলক কাজে জড়িত থাকার কারণে বামনী ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সদস্যসচিব মো. জসিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্যসচিব এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
জানা গেছে, জহির উদ্দিন লিটন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মোবাইল ফোনে কল করে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দিতে কৃষক দল নেতা জসিম ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। লিটন জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক। তাদের দুজনের কথোপকথনের রেকর্ডিংটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এতে বুধবার (১১ সেপ্টেম্বর) জসিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা কৃষক দল। এতে ২ দিনের মধ্যে জসিমকে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। জসিম জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় উপজেলা কৃষক দল তাকে বহিষ্কার করে।
তবে কৃষক দল নেতা জসিম চৌধুরী দাবি করেন, অডিওটি এডিট করা। তিনি দলের নেতাদের বিষয়টি জানিয়েছেন। তিনি লিটনের কাছে চাঁদা দাবি করেননি। শোকজের চিঠি পেয়ে তিনি জবাবও দিয়েছেন।
স্বেচ্ছাসেবকলীগ নেতা জহির উদ্দিন লিটন বলেন, ‘আমি কোনও অপকর্ম করিনি। জসিম ফোন করে হত্যা ও অস্ত্র মামলা থেকে নাম বাদ দেওয়ার অজুহাত দেখিয়ে আমার কাছে ২ লাখ টাকা দাবি করেছে। একপর্যায়ে সে বলেছে, প্রয়োজনে জমি বিক্রি করে আমি টাকা নিয়ে তাকে দিতাম।’
রায়পুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাউসার মোল্লা বলেন, ‘চাঁদা চাওয়ার ঘটনার অডিও রেকর্ডিং শুনে জসিমকে শোকজ করা হয়। কিন্তু তিনি শোকজের সন্তোষজনক জবাব দেননি। এতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।’
প্রসঙ্গত, অভিযুক্ত জসিমের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামে। অভিযোগকারী লিটনের বাড়ি সদর উপজেলার উত্তর হামছাদীর চৌধুরী বাজার এলাকায়।
আরও পড়ুন:









