সাজেক থেকে ব্যক্তিগত গাড়িযোগে খাগড়াছড়ি আসার পথে তিন পর্যটককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
উদ্ধার হওয়া পর্যটকেরা হচ্ছে- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঝাউডাংগী কাঠিয়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদ উজ্জমামান (৩৮), একই উপজেলার তালমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (৩৮) ও তালেশ্বর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮)।
খাগড়াছড়িব পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, পর্যটক বহনকারী গাড়িটি জেলার দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারের মাছ বাজার এলাকার রাস্তায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে অজ্ঞাত স্থানে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভুক্তভোগীদের মোবাইল নম্বর থেকে কল দিয়ে টাকা দেওয়ার জন্য বলে।
পুলিশের এই কর্মকর্তা জানান, অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে কল করে বিষয়টি জানান। পুলিশ ভুক্তভোগীদের মোবাইল নম্বর নিয়ে এতে কল দেয়। অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা আঁচ করতে পেরে অভিযুক্তরা তাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশকে কোনও না বলার জন্য ভয়ভীতি দেখায়।
তিনি আরও জানান, ভুক্তভোগীরা মুক্তি পেয়ে দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে এসে ঘটনার বিস্তারিত জানান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









