নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। তিনি বলেছেন, ‘আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে ফারুক-ই আজম বলেন, ‘আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না। তারা কোনও না কোনোভাবে আসছে। বিষয়টি আসলে মানবিক। এখনও রেজিস্ট্রেশন হয়নি, তাই নতুন কতজন প্রবেশ করেছেন, সংখ্যাটি বলা যাচ্ছে না।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্ন না ঘটে।’
এর আগে সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন।
বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারবিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তারা।









