ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘বিগত নির্বাচনগুলোতে দেশের মানুষ নিজের মত প্রকাশের স্বাধীনতা পায়নি। স্বৈরশাসক নিজেদের বারবার ক্ষমতায় রাখার জন্য মানুষের অধিকার হরণ করেছে। এ অবস্থায় সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় ইসলামী আন্দোলন।’
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলনের লক্ষ্মীপুর শাখার সভাপতি মুহাম্মাদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় লক্ষ্মীপুর ওয়েলকাম পার্টি সেন্টারে তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান। তিনি বলেন, শিক্ষা সিলেবাস প্রণয়নে নতুন করে কোনও হুতুম পেঁচাকে সামনে আসতে দেওয়া হবে না। বিগত সরকার শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে। এ অবস্থায় শিক্ষা সিলেবাস কমিটির মধ্যে ইসলামি শিক্ষাবিদ ও আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে।









