বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘সালমান এফ রহমান নাম শুনেছেন? তার কোম্পানি হচ্ছে বেক্সিমকো; জানেন? সেটা বয়কট করুন। পারবেন? সালমান এফ রহমান একজন প্রসিদ্ধ ডাকাত। এমনিতে তাকে দরবেশ বলে। কারণ তিনি দাড়ি রেখে ডাকাতি করেন। তাকে কিন্তু আগেই ধরা হয়েছিল। কিন্তু পরে তার দাড়ি কামিয়ে লুঙ্গি পরিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল। এমন জীবন কে চান?’
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লার একটি রেস্তোরাঁয় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে ইন্টার্ন চিকিৎসকদের রিসেপশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অনুষ্ঠানের অংশগ্রহণ করেন কুমিল্লার বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা করেন সেন্ট্রাল মেডিক্যাল কলেজ মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরো বলেন, ‘বাংলাদেশের একমাত্র সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা এই দেশ শাসন করেছে ৫৫ বছর, তারা কেউই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে পারেনি। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, আমাদের জিডিপি দ্বিগুণ হয়ে যাবে। একটা দুর্নীতিমুক্ত, জ্ঞানসম্পন্ন, নৈতিকতা সম্পন্ন ও মানবিক সমাজ আমাদের দরকার। এখন এটি অর্জনের সময় এসেছে। এটি ইতিহাসের একটি পরিবর্তন হতে পারে। আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি যা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে। যদি এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি তাহলে তো আগের মতোই হবে- যেই লাউ সেই কদু।’








