কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়ার রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে শুনানিতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়।
জানা গেছে, আদালতে জেলা পিপি কায়মুল হক রিংকুর নেতৃত্বে ২০০ জন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীর উপস্থিতিতে সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার ও জহিরুল ইসলাম সেলিমকে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত থেকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষে ছিলেন এইচ এম আবাদ নামের একজন আইনজীবী।
জানা গেছে, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আট জন নিহত হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের।
বর্তমান মামলাটিতে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসসহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জন আসামি রয়েছে। এই মামলায় আজ কুমিল্লা আদালতে তাদেরকে হাজির করা হয়েছে।
মামলার আইনজীবী ও জেলা পিপি কায়মুল হক রিংকু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বাসায় বালুর ট্রাক দিয়ে আটকে চৌদ্দগ্রামে এই হামলার পরিকল্পনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসবের সহযোগিতায় ছিল এই পুলিশ কর্মকর্তাসহ কতিপয় সরকারের সহযোগীরা। তারা আট জন নিরীহ মানুষকে হত্যা করেছে। পরে আবার আমাদের মামলার হয়রানি করেছে। আদালতকে আমরা বুঝিয়েছি, তাই মামলায় তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা মামলার বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানাই।









