পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান পাহাড়িরা, সংশোধনের দাবি বাঙালিদের

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০২ ডিসেম্বর ২০২৪, ২২:২২ আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্ণ হলো। ১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তিটি সই হয়। প্রতি বছরের মতো এবারও দিনটিকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়েছে। এর মধ্যে পাহাড়ি নেতারা দাবি তুলেছেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের। অপরদিকে পার্বত্য চুক্তি বাঙালিদের জন্য অসম্মানজনক, অবমাননাকর এবং চুক্তির অনেক ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উপস্থাপন করে চুক্তির সংশোধন চান বাঙালি নেতারা।

পাহাড়কে শান্ত রাখতে এবং পাহাড়ি-বাঙালিদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য পার্বত্য চুক্তি করেছিল সরকার। সরকারের পক্ষে তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) পক্ষে সন্তু লারমা চুক্তিতে সই করেন।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি হয়। পরে অস্ত্র সমর্পণ করেন সন্তু লারমাসহ ১৯৪৭ অস্ত্রধারী, যারা পিসিজেএসএসের সশস্ত্র গ্রুপ শান্তি বাহিনীর সদস্য ছিলেন। চুক্তির আলোকে সংশোধন করা হয় স্থানীয় সরকার পরিষদ আইন-১৯৮৯। তা পরিবর্তিত হয়ে নতুন নামকরণ হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-১৯৮৯। তিন পার্বত্য জেলা পরিষদে দু’একটি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগ ছাড়া প্রায় বাকি সব বিভাগই ন্যস্ত করা হয় জেলা পরিষদের হাতে। চুক্তি অনুযায়ী, জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৩৪ সদস্যের মধ্যে ২৪ জন পাহাড়িদের মধ্য থেকে থাকার কথা। নির্বাচিত পরিষদ না থাকলে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের বিধান, সব সরকারি দফতর নিয়ন্ত্রণের দায়িত্ব পরিষদে অর্পণ, দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-পদায়ন-বদলি-বহিষ্কারের ক্ষমতা, এসআই পর্যন্ত নিয়োগের ক্ষমতা, সব নিয়োগে পাহাড়িদের অগ্রাধিকার, পুলিশ সুপারসহ সব পুলিশ কর্মকর্তা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করতে বাধ্য, পরিষদের চেয়ারম্যানের বা তার মনোনীত প্রতিনিধির লিখিত অভিযোগ ছাড়া আদালত মামলা নিতে না পারার ও পরিষদের বিরুদ্ধে এক মাসের নোটিশ না দিয়ে মামলা করতে না পারার বিধি এবং পরিষদকে প্রবিধান তৈরির ক্ষমতাসহ একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়।

জাতীয় গণঅধিকার পরিষদের সদস্য এবং সাবেক গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা বলেন, ‘পার্বত্য চুক্তির সুফল জনগণ পায়নি। এজন্য তারা হতাশ। চুক্তি নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে। যেমন এই পর্যন্ত জেলা পরিষদ শুধু একবার নির্বাচিত পরিষদ পেয়েছে, বাকি ২২ বছরই চলেছে সরকারের মনোনীত অগ্রহণযোগ্যদের দিয়ে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়ন না করে অন্তর্বর্তীকালীন পরিষদের নামে রাজনৈতিক দলের নেতাদের পুনর্বাসন সেন্টারে পরিণত হয়েছে জেলা পরিষদ।’

উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গত ৭ নভেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে। বর্তমানে খাগড়াছড়ি অন্তর্বর্তীকালীন পরিষদে চেয়ারম্যানসহ ১৫ সদস্যদের মধ্যে ১৪ সদস্যের সবাই অনার্স-মাস্টার্সধারী। দুজন সদস্য সাবেক দুই সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। কিন্তু চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা সিম্পল ডিগ্রিধারী ও আওয়ামী লীগের দোসর। কোনও গ্রহণযোগ্যতা নেই। নেতৃত্বের গুণও নেই। এর আগের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংশিপ্রু চৌধুরীও ছিলেন ডিপ্লোমাধারী। বান্দরবান জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান থানজামা লুসাই আওয়ামী লীগের সাবেক এমপি বীর বাহাদুরের ঘনিষ্ঠজন এবং রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার আওয়ামী লীগের সাবেক এমপি দীপংকর তালুকদারের সহযোগী।’

চুক্তি অনুযায়ী নির্বাচন হলে এরা কখনও চেয়ারম্যান হতে পারতো না দাবি করে তিনি বলেন, ‘তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান পার্বত্য এলাকায় সব সরকারি দফতরের প্রধান, অর্থাৎ বিসিএস ক্যাডারদের নিয়ন্ত্রক। দেশ ও দুনিয়া সম্পর্কে না জানা, আনপড়, দুর্নীতিবাজ, আওয়ামী লীগের দোসররা চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে। এরা চুক্তির উদ্দেশ্য ও তাৎপর্য সম্পর্কেও জানে না। এসব জায়গায় সংস্কার না হলে চুক্তির উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাহত হবে।’

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক চুক্তির বিভিন্ন ধারা প্রসঙ্গে উশ্যেপ্রু মারমা বলেন, ‘এগুলো সময়ের দাবি, আলোচনা হতে পারে এবং বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের আইনগুলো সংস্কার বা রি-ফর্ম করার উদ্যোগ নিতে পারে।’

এ ব্যাপারে খাগড়াছড়ির সুশীল সমাজের প্রতিনিধি রবি শংকর তালুকদার বলেন, ‘শান্তিচুক্তির ফলে তিন পার্বত্য জেলা পরিষদগুলো একচ্ছত্র ক্ষমতা লাভ করে। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শান্তিচুক্তির ওপর ভর করে জেলা পরিষদ গঠন হয়েছে, তা এখনও অর্জিত হয়নি। বর্তমান জেলা পরিষদ পুনর্গঠনে শাসকগোষ্ঠীর মতামতই প্রতিফলিত হয়েছে। জনমতের প্রতিফলন হয়নি। নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদের পূর্ণাঙ্গ পরিষদ চায় জনগণ। শান্তিচুক্তি অনুযায়ী ভূমি বিরোধ নিষ্পত্তি হয়নি, স্থানীয় পুলিশ নিয়োগের ক্ষমতা চূড়ান্ত হয়নি। পাহাড়ে সমস্যা বেড়েছে, পাহাড়ের সব বাসিন্দা হতাশ। শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানাই।’

চুক্তির সঙ্গে সংবিধানের সাংঘর্ষিক ধারাগুলোর বিষয়ে তিনি বলেন, ‘চুক্তি সম্পাদনকারী পিসিজেএসএসের সঙ্গে আলোচনা করতে পারে সরকার। রাজনৈতিক সমস্যা হিসেবে চুক্তির আলোকে আলোচনা হতে পারে।’

পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার বিভাগের প্রধান জুপিটার চাকমা বলেন, ‘চুক্তিতে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, তা বিগত ২৭ বছরেও বাস্তবায়ন হয়নি। পাহাড় এখনও অশান্ত, উন্নয়ন এখনও পশ্চাৎমুখী। জনগণ চুক্তির ফলে যে সুফল পাওয়ার কথা, তা থেকে এখনও বঞ্চিত।’

বিগত সরকার ক্ষমতায় থাকার জন্য প্রতিযোগিতা করলেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য চুক্তি বাস্তবায়নে কোনও উদ্যোগ নেয়নি জানিয়ে জুপিটার চাকমা বলেন, ‘চুক্তির ৭২টি শর্তের মধ্যে মাত্র ২৫টি পূর্ণ, ১৮টি আংশিক বাস্তবায়িত হয়েছে। ২৯টি বাস্তবায়ন হয়নি। পার্বত্য চট্টগ্রামসহ সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানাচ্ছি আমি।’

জেলা আইনজীবী সমিতির সদস্য শাশ্বত চাকমা বলেন, ‘চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব আছে। চুক্তি বাস্তবায়ন করতে হলে তিন জেলা পরিষদকে যেভাবে শক্তিশালী করা দরকার, তা হচ্ছে না। দিন দিন সমস্যা বাড়ছে। অন্তর্বর্তী পরিষদ শাসকগোষ্ঠীর এজেন্ডাই বাস্তবায়ন করে। তারা জনগণের প্রতিনিধি নয়।’

সংবিধানের সঙ্গে চুক্তির যেসব ধারা সাংঘর্ষিক বলে বাঙালিদের অভিযোগ তা সঠিক নয় দাবি করে তিনি বলেন, ‘চুক্তি বাস্তবায়ন হলে পাহাড়ি-বাঙালি সবাই উপকৃত হবে। তবে যেসব অভিযোগ উঠছে সময়ের বিবেচনায় এসব বিষয়ে আলাপ-আলোচনা হতে বাধা নেই।’

চুক্তির বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবি বাঙালিদের

পার্বত্য চুক্তি বাঙালিদের জন্য অসম্মানজনক, অবমাননাকর, মৌলিক ও মানবিক অধিকারের পরিপন্থি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বাঙালি নেতারা। তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে হলে পার্বত্য চুক্তির বেশ কিছু ধারা সংশোধনের দাবি জানান।

জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবদুল মোমিন বলেন, ‘চুক্তি অনুযায়ী জেলা পরিষদ আইনের ২(ক) ধারায় বাঙালি জনগণকে অউপজাতীয় হিসেবে আইডেনটিটি দেওয়া সংবিধানের ৬(২) অনুচ্ছেদের সঙ্গে, ২(কক) ও ১৭ (১) ধারা অনুযায়ী বাঙালিরা ভোটার হতে হলে বৈধ জমি ও নির্দিষ্ট ঠিকানা থাকার বিধান সংবিধানের ১২২ অনুচ্ছেদের সঙ্গে, ৩১, ৩২ ও ৬২ ধারামতে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে উপজাতীয়দের অগ্রাধিকার প্রদান সংবিধানের ২৯ অনুচ্ছেদের সঙ্গে, ৫৮ ও ৭১ ধারামতে চেয়ারম্যান বা তার প্রতিনিধির লিখিত অভিযোগ ছাড়া কোনও আদালত মামলা নিতে না পারা বা পরিষদের কারও বিরুদ্ধে মামলা করতে হলে এক মাস সময় দিয়ে নোটিশ দেওয়া সংবিধানের ২৭, ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক এবং অসামঞ্জস্য বিধায় সংবিধানের ৭(২) অনুচ্ছেদ অনুযায়ী চুক্তির ধারাগুলো বাতিল করতে হবে।’

পুরো আইনটি বাঙালিদের জন্য অবমাননাকর উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আইনের চোখে সব নাগরিকের মর্যাদার সমতা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিশ্চিত করতে হবে।’

পার্বত্য নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেন বলেন, ‘১৯৯৭ সালে সরকার এক পক্ষের সঙ্গে আলাপ করে বিতর্কিত চুক্তি করেছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী খাগড়াছড়িতে বাঙালি ও পাহাড়ি জনসংখ্যা হচ্ছে ৫১ দশমিক ০৭ অনুপাত ৪৮ দশমিক ৯৩। অথচ পরিষদে বাঙালি ও পাহাড়িদের প্রতিনিধিত্ব হচ্ছে ১০ অনুপাত ২৪। চেয়ারম্যান পদও পাহাড়িদের জন্য সংরক্ষিত। চুক্তি আরেক ফসল আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পাহাড়ি। সব জায়গায় যদি নেতৃত্বে পাহাড়িরাই থাকে তাহলে অর্ধেকেরও বেশি বাঙালিরা কোথায় গিয়ে সাংবিধানিক অধিকার চাইবে। চুক্তির যেসব ধারা অসাংবিধানিক তা অবশ্যই বাতিল করতে হবে।’

জেলার আইনজীবী ইয়াকুব আলী চৌধুরী নামের আরেক বাঙালি নেতা বলেন, ‘সরকার যেদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে শান্তি বাহিনীর কাছ থেকে অস্ত্র জমা নেয়, সেদিনও একদল পাহাড়ি বিক্ষোভ করেছিল। তার মানে সরকার যে পিসিজেএসএসের সঙ্গে চুক্তি করেছিল, তারা পাহাড়ের সব জনগণের প্রতিনিধিত্ব করেননি। চুক্তিতে সব পাহাড়ির মতামত যেমন ফুটে উঠেনি, তেমনি অর্ধেকেরও বেশি বাঙালি জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকারের কথা চিন্তাও করেনি তখনকার সরকার।’

পাহাড়ে বর্তমানে চারটি আঞ্চলিক সংগঠন আছে। পিসিজেএসএস, ইউপিডিএফ, পিসিজেএসএস (সংস্কারপন্থি) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)। সংগঠনগুলো চুক্তি বাস্তবায়নের দাবিতে একমত নয়। অন্যদিকে পাহাড়ের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী বাঙালিদের মর্যাদা-সাংবিধানিক অধিকার-মানবিক অধিকার-জনসংখ্যানুপাতে প্রতিনিধিত্ব এই চুক্তিতে অস্বীকৃত। পুরো চুক্তিটিই একপেশে এবং অনেক ধারাই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধায় হয় বাতিল অথবা বাঙালিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সংশোধন করতে হবে।

তবে চুক্তির বেশিরভাগ ধারা বাস্তবায়ন করেছে সরকার এমনটি জানিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নথিপত্রে দেখা যায়, চুক্তির পর ১৯৯৮ সালের ২, ১৬, ২২ ফেব্রুয়ারি সন্তু লারমাসহ ১৯৪৭ জন শান্তিবাহিনীর সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এ ছাড়া ছয় দফায় ১২ হাজার ৩২২ পরিবারের ৬৩ হাজার ৬৪ সদস্য ভারত থেকে নিজ বাড়িতে ফিরেছেন এবং স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করেছে সরকার। ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ৬ সেপ্টেম্বর আঞ্চলিক পরিষদ গঠন করে পূর্ণাঙ্গ মন্ত্রীর ও প্রতিমন্ত্রীর সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীকে। ১৯৯৮ সালের ৬ মে চুক্তির আলোকে কার্যক্রম শুরু করে পার্বত্য জেলা পরিষদগুলো। ৩৩টি হস্তান্তরযোগ্য সরকারি দফতরের মধ্যে ৩০টি সরকারি দফতর ন্যস্ত করা হয়েছে জেলা পরিষদগুলোর হাতে। ফলে চুক্তির বেশিরভাগ শর্তই পূরণ হয়েছে। ৭২টি শর্তের মধ্যে ৪৮টির পূর্ণ বাস্তবায়ন, বাকি ধারাগুলোর বেশিরভাগের আংশিক বাস্তবায়ন হয়েছে। সরকার খুবই আন্তরিক চুক্তি বাস্তবায়নের জন্য। এজন্য শুধু সরকার নয়, পাহাড়িদের সহযোগিতা পেলে এখানে স্থায়ী শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব।’

/ইউএস/এএম/
সম্পর্কিত
কুড়িগ্রাম টেক্সটাইল মিলসের ইজারা চুক্তি বাতিল, ভেস্তে গেল কর্মসংস্থানের সম্ভাবনা
দরজা খুলতে যাচ্ছে থার্ড টার্মিনালের, জাপানের সঙ্গে চুক্তি সোমবার
অনিশ্চয়তায় গঙ্গা চুক্তি নবায়ন
সর্বশেষ খবর
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
ইসির সংলাপ ঘিরে আলাদা পথে জামায়াত-এনসিপি?
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
সিংহের মুখে চুমু কৌশানীর, আফ্রিকায় কী কাণ্ড ঘটালেন অভিনেত্রী
জার্সি নম্বর ৭-এর পেছনের গল্প শোনালেন ধোনি
জার্সি নম্বর ৭-এর পেছনের গল্প শোনালেন ধোনি
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
ইতিহাস বিকৃতির অভিযোগে রাবি শিক্ষক ফোরামের কার্যালয়ে ছাত্রদলের অবস্থান
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো