ঘর পোড়ানো মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার মুরাদ এবং তার স্বামী আবদুল হাই মুরাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক সকিনা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘ঘর পোড়ানো মামলায় (সিআর) আদালতে হাজিরা দিতে গেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
জানা যায়, ২০১২ সালে বসুরহাট পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডে একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার দুপুরে হাজিরা দিতে গেলে আদালত পারভীন আক্তার মুরাদ ও তার স্বামী আবদুল হাই মুরাদকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।








