নোয়াখালীর মাইজদী উপজেলার শান্তিনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছে। তারা হলেন ফজলে রাব্বী রাজীব ও সাইফুল ইসলাম ওয়াসিম। সোমবার রাত ৮টার দিকে মাইজদী পুরাতন কলেজের পাশে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে রাজীব ঘটনাস্থলে মারা যান। আজ চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম মারা যান। নিহত রাজীব ও ওয়াসিম নোয়াখালী কলেজের ছাত্র ছিলেন।
একই ঘটনায় রাজু ও ইয়াসিন নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে রাজীব ও তার তিন বন্ধু ঘটনাস্থলের পাশে একটি দোকান থেকে বের হন। এসময় ওঁৎ পেতে থাকা সাজুর পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায় ও গুলি করে। এ ঘটনায় রাজীব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় রাজু, ইয়াসিন, ওয়াসিম নামে আরও তিনজন গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এখানেই ওয়াসিম মারা যান। গুলিবিদ্ধ অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই নোয়াখালী কলেজের ছাত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, আধিপত্য বিস্তার নিয়ে শান্তিনগর এলাকায় রাজীব ও তার বন্ধুদের সঙ্গে সাজুর পক্ষের লোকজনের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এই ঘটনাটি তারই সূত্র ধরে ঘটে থাকতে পারে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলেও জানান ওসি।
/এসটি/







