লক্ষ্মীপুরে দুই যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রী জুথি বেগম (২২) ও তার দেড় বছরের ছোট্ট শিশু শিহাব নিহত হয়। আহত হয় জুথির স্বামী শরীফ, ভাগনে রাজা (২২) ও অটোরিকশাচালক।
চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর-আগে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট সময় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটের কাচারি বাড়ি নামকস্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটে।
নিহত গৃহবধূ জুথি ও শিশু শিহাব সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাট এলাকার কুয়েতপ্রবাসী শরীফের স্ত্রী ও ছেলে। জুথি ও তার ছেলেশিশুর লাশ দাফনের প্রস্তুতি চলছে তার বাবার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেট এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ গৃহবধূ জুথির বুকব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে তার স্বামী শরীফ একটি অটোরিকশা নিয়ে স্ত্রী জুথি, ছেলে শিহাব ও তার ভাগনে রাজাকে নিয়ে সদর হাসপাতালে দিকে রওনা দেন। কাচারি বাড়ি নামক স্থানে পৌঁছালে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহী পরিবহন অপর যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। যার ফলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। নিহত হয় মা-ছেলে। আহত হয় অটোরিকশারচালকসহ ৩ জন।
এ ঘটনায় শাহী পরিবহন বাসটি আটক রয়েছে। কুয়েতপ্রবাসী শরীফ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ১০-১৫দিন আগে দেশে আসেন।
ওসি জানান, সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি বাস আটক রয়েছে।









