নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজসহ ২৪ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাচনি সহিংসতার মামলায় কোম্পানীগঞ্জ ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ভুঁইয়া বুধবার দুপুরে এই নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়,গত ১৯ মার্চ রাত সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সফিউল্লাহ গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় টেকের বাজার এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সবুজ এর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শফিউল্লাহসহ ১০ জন আহত হয়।
এই ঘটনায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সফিউল্লাহ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ২০ মার্চ ফখরুল ইসলাম সবুজ ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বুধবার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য আগামী ৩১ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/জেবি/







