থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে লাখো পর্যটক, আছে কঠোর বিধিনিষেধ

আবদুল আজিজ, কক্সবাজার
৩১ ডিসেম্বর ২০২৫, ২২:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। পুরোনো বছরকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে এসব পর্যটক এসেছেন। জেলার পাঁচ শতাধিক হোটেল-মোটেলের প্রায় সব কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

বছরের শেষ দিনে সমুদ্রসৈকতে ভিড় করেছেন পর্যটকরা। সৈকতে গোসল, বিকালে সূর্যাস্ত দেখা এবং জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে সময় কাটাচ্ছেন। তবে বর্ষবিদায় উপলক্ষে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে সমুদ্রসৈকতসহ উন্মুক্ত স্থানে কোনও ধরনের অনুষ্ঠান না করতে কঠোর বিধিনিষেধ দিয়েছে পুলিশ।

বুধবার রাতে সমুদ্রসৈকতসহ উন্মুক্ত স্থানে কোনও ধরনের অনুষ্ঠান না করতে কঠোর বিধিনিষেধ দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ দেয় জেলা পুলিশ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিধিনিষেধ দেওয়া হয়েছে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে তারকা মানের কয়েকটি হোটেল ও রিসোর্টে নিজস্ব অতিথিদের জন্য সাংস্কৃতিক আয়োজন থাকবে। এতে বাইরের অতিথিদের অংশগ্রহণ সীমিত রাখা হয়েছে।

বিকালে সরেজমিনে দেখা গেছে, লাখো পর্যটকে মুখরিত সমুদ্রসৈকত। সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট ছাড়াও বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরছেন পর্যটকরা। সাগরের নোনা জলের ঢেউয়ে ঝাঁপিয়ে পড়ছেন হাজারো মানুষ। অনেকে সাঁতার কাটছেন। একইসঙ্গে জেটস্কিতে চড়ে ঘুরে আসছেন নীল জলরাশি। সব মিলেয়ে সবাই মেতেছেন আনন্দ-উল্লাসে। এসব পর্যটক বলছেন, নতুন বছরকে স্বাগত জানাতে এসেছেন।

রাজধানীর মগবাজার থেকে আসা পর্যটক দম্পতি রুবিনা ইয়াসমিন ও ফাহাদ চৌধুরী জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কক্সবাজার এসে এবার কিছুটা ফাঁকা পেলাম। আগের মতো লাখ লাখ পর্যটক নেই এবার।

একই কথা বলেছেন যশোর থেকে আসা মাহমুদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আট বন্ধু এবার থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য কক্সবাজারে এসে খুব হতাশ হলাম। কারণ এখানে নেই কোনও অনুষ্ঠানের আয়োজন। শুনেছি, দু’একটি হোটেলের ইনডোরে অনুষ্ঠান হবে। তবে সেখানে বাইরের লোকের যাওয়ার অনুমতি নেই।’

চট্টগ্রাম হালিশহর থেকে আসা রবিউল আলম ও স্ত্রী জেনিয়া আকতার জানান, পুরোনো বছরের অনেক স্মৃতি রয়েছে। সেসব দুঃখ-কষ্ট ভুলে নতুন বছর শুরু করতে চাই। বছরের শেষ সূর্যাস্ত দেখেছি। নতুন বছরের সূর্যোদয়ের অপেক্ষায় আছি। অনেক আনন্দ উদযাপন করছি আমরা।

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অন্যান্য বছরগুলোতে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটে। এবার সে তুলনায় কম। এজন্য কিছুটা মন খারাপ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তারা বলছেন, এখন পর্যটন মৌসুম। তারপরও নতুন বছর উদযাপনের এই দিনে পর্যটক কম আসায় হতাশা বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতা ও অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করায় পর্যটক বিমুখ হচ্ছে গত কয়েক বছর ধরে। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে এখানে পর্যটক আসবে না। আমাদের ব্যবসা ছেড়ে অন্য পেশায় যেতে হবে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে সব ধরনের অনুষ্ঠানের ওপর বিধিনিষেধ আরোপ করায় আশানুরূপ পর্যটক কক্সবাজারে এবারও আসেননি। অনুষ্ঠান বন্ধ রাখা পর্যটন শিল্পের জন্য অশনিসংকেত। পর্যটন কম এলে ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়।’

হোটেলমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সৈকতে অন্তত ১ লাখ ২০ হাজার পর্যটকের সমাগম হতে পারে। নিরাপত্তার কারণে গত আট বছরের মতো এ বছরও সৈকতে বর্ষবিদায় অনুষ্ঠান হচ্ছে না। এ ছাড়া গতকাল সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরেও শোকের আবহ তৈরি হয়েছে। গতকাল তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণা অনুযায়ী আজ সাধারণ ছুটি। এজন্য পর্যটক কম।

বর্তমানে কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের প্রায় ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। হোটেলগুলোর দৈনিক ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৬৭ হাজার। পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর—এই ছয় দিনে অন্তত সাত লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘প্রতি বছর বিপুলসংখ্যক পর্যটক সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে পুরোনো বছরকে বিদায় জানান। তবে কয়েক দিন ধরে ঘন কুয়াশা থাকায় এবার সূর্যাস্ত দেখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। সৈকত ও উন্মুক্ত স্থানে কোনও আয়োজন না থাকলেও পর্যটকের আগমন থেমে নেই। তবে আগের বছরগুলোর তুলনায় কিছুটা কম।’

কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুখিম খান বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট ঘিরে ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে ছিলেন। কিন্তু আশানুরূপ পর্যটক আসেননি।’

পুলিশের কঠোর বিধিনিষেধ

পুলিশের বিজ্ঞপ্তিতে থার্টি ফার্স্ট নাইটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়ানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, নাশকতা বা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া উচ্চ শব্দে হর্ন বাজানো, বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার শহর ও সমুদ্রসৈকতে আতশবাজি ও পটকা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ থাকবে। উন্মুক্ত স্থানে কিংবা রাস্তায় কোনও কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকানে বেচাকেনা বন্ধ থাকবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. ইয়ামিন হোসেন বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উদযাপনে বিভিন্ন তারকামানের হোটেলের ইনডোরে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে উন্মুক্ত স্থানে কোনও ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।’

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উদযাপনে যেসব পর্যটক ইতিমধ্যে কক্সবাজারে এসেছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি থাকছে সাদা পোশাকে পুলিশ। সিসিটিভি ক্যামরা ও ড্রোন ক্যামরার সার্বিক পরিস্থিতি মনিটর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি