আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে নোয়াখালী জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের পিটিআই স্কুল সংলগ্ন প্রধান সড়কে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে এ কার্যক্রম পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। প্রামাণ্যচিত্র ও পরিবেশনা দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল।
এ সময় নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. সাদেকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









