ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও দুই নম্বর গেট থেকে মেডিক্যাল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানচলাচল কমে গেছে।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।
পাঁচলাইশ থানার ওসি আব্দুল করিম বলেন, ‘দুই নম্বর গেট বিপ্লব উদ্যান এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।’









