ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘দেশের প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারছি না। কখনও মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আবার কখনও মনে হয় তারেক রহমান প্রধানমন্ত্রী। এখন আপনারাই বসে ঠিক করুন আসলে দেশের প্রধানমন্ত্রী কে।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মূল দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। কিন্তু তিনি তার দায়িত্ব যথাযথ পালন করতে পারছেন না। দুনিয়ার সব বিষয়ে তাকে কথা বলতে দেখা যায়। অথচ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কোনও খবর নেই। এ নিয়ে তার আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এমন ঘটনার পরও স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করেন, তা বোধগম্য নয়।’
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। এ সময় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।
একইদিন এর আগে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে টেকনাফ বাসস্টেশন থেকে একটি মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।