চট্টগ্রাম নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানাধীন ভেড়া মার্কেট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থান থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
নিহত রাকিবের বাবার নাম মাঈন উদ্দিন। তিনি পেশায় দিনমজুর। তার বাড়ি লক্ষ্মীপুর হলেও চার বছর ধরে পরিবারসহ তারা নগরের বাকলিয়া থানাধীন ভেড়া মার্কেট এলাকায় থাকেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে চাক্তাই খালে গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে।’
শিশুটির বাবা মাঈন উদ্দিন বলেন, ‘আমি ফিসারি ঘাটের একটি মাছের আড়তে কাজ করি। বিকাল ৫টার দিকে বাসায় ফিরে শুনতে পায় গোসল করতে নেমে আমার ছেলে রাকিব নিখোঁজ হয়েছে। পরে এলাকায় লোকজনকে নিয়ে খুঁজাখুঁজি শুরু করি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে ছেলের লাশ উদ্ধার করে। আমার চার মেয়ে এক ছেলে। রাকিব আমার একমাত্র ছেলে ছিল।’









