জেলেদের জালে কত প্রজাতির মাছ, কয়টি আপনি চেনেন

আব্দুর রহমান, টেকনাফ
১২ মে ২০২৬, ১২:০১আপডেট : ১২ মে ২০২৬, ১২:০১

উপকূলীয় এলাকায় মানুষের আয়ের একমাত্র উৎস মাছ। বছরের পর বছর মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন জেলেরা। তবে নদী ও সমুদ্রে কত প্রজাতির মাছ পাওয়া যায় কিংবা কত ধরনের মাছ ধরেন জেলেরা, তা অনেকের অজানা। চলুন জেনে নেওয়া যাক কত ধরনের মাছ ধরেন জেলেরা।

মৎস্য কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের নদ-নদী ও সমুদ্রে সবমিলিয়ে ৭৩৫টির বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। এর মধ্যে স্বাদু পানির ২৬০টি এবং সামুদ্রিক ৪৭৫টি প্রজাতি রয়েছে। সমুদ্রগামী জেলেরা গভীর ও অগভীর সমুদ্র থেকে প্রায় ৪৭৫ প্রজাতির মাছ ধরে থাকেন। আর বাণিজ্যিকভাবে নিয়মিত অন্তত ৪০ ধরনের মাছ ধরে থাকেন। বঙ্গোপসাগরের গভীর এবং অগভীর অংশ থেকে মাছগুলো ধরে আনেন তারা। এর মধ্যে জনপ্রিয় প্রজাতি হলো ইলিশ। পাশাপাশি রুপচাঁদা, কালোচাঁদা, লইট্টা এবং কোরাল উল্লেখযোগ্য। রফতানিযোগ্য মাছ টুনা, ম্যাকারেল, সুরমা এবং লাক্ষা ধরেন। সেইসঙ্গে কালো পোপা, লাল পোপা, সাদা পোপা, ছুরি, ফাইস্যা, তাইল্লা, শাপলাপাতা এবং বাইমও ধরেন। দামি মাছের মধ্যে জাভা ভোল বা ভোল কোরাল, যা অত্যন্ত মূল্যবান। 

নদীর মাছের মধ্যে আইড়, বাগাড়, রিটা, বোয়াল, রুই, কাতলা, পাঙাশ, চিতল, চিংড়ি, কাঁকড়া, হাঙর, পাবদা, গুলশা, চেওয়া, বউরানি, ট্যাংরা, কাকিলা, বাটা, বেলে, তপসে, ফলি, বৈরালী, মেনি, শোল, গজার, পুঁটি, মলা, ঢেলা, কাঁচকি, চান্দা, চেলা, শিং, মাগুর এবং কই উল্লেখযোগ্য।

বাংলাদেশের নদ-নদী ও সমুদ্রে সবমিলিয়ে ৭৩৫টির বেশি প্রজাতির মাছ পাওয়া যায়

কী কী মাছ পাওয়া যায় নদীতে

ইলিশ ছাড়াও পদ্মা-মেঘনায় আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। তবে মাছের প্রজাতির জন্য সমৃদ্ধ পদ্মা। বহু ছোট-বড় নদী-খাল পদ্মা থেকে জন্ম নিয়েছে, মিশেছে অনেক। বড় বড় বিলের যোগ আছে পদ্মার সঙ্গে। পদ্মায় আছে মাছের ডিম ছাড়ার পরিবেশ, আর আছে খাবার। 

২০১৪ সালের সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) মূল্যায়ন বলছে, প্রায় ১২০ প্রজাতির মাছের আবাসস্থল পদ্মা। এর মধ্যে আছে কাকিলা (কাইক্কা), ফাসা, কাচকি, চাপিলা, খয়রা, রানি (বউ মাছ), পুইয়া (গুতুম), পইয়া (পুইয়া), মলা (মোয়া), পিয়লি (জয়া), মোরারি, কাতলা, মৃগেল, রাইখোর (রেবা), বাঁশপাতা, বাটা, ভাঙ্গান, কালবাউশ, নান্দিনা, রুই, চেলা, চেলা (কাটারি), ঢেলা, চোলাপুঁটি, কাঞ্চনপুঁটি, সরপুঁটি, জাতপুঁটি, ভাতপুঁটি, তিতপুঁটি, ডারকিনা (ডারকা), খরশোলা, চিতল, ফলৈ, চান্দা, লম্বা চান্দা, রাঙা চান্দা, কই, নাপিত কই, গজার, গাছুয়া (চ্যাং), টাকি, শোল, বেলে, খলিশা, চুনা খলিশা, লাল খলিশা, মেনি, ট্যাংরা, গুলসা ট্যাংরা, বাজারি ট্যাংরা, রিটা, আইড়, গইজা, চেকা, মাগুর, শিং, কাজুলি, ঘাউরা, মুরিবাচা, বাচা, কাটা বাতাসি, শিলং, কানি পাবদা, মধু পাবদা, বোয়াল, বাগাড়, চেনি, গাং ট্যাংরা, বাইম, তারা বাইম, পাকাল বাইম, গোচি, পটকা (টেপা)। এ ছাড়া আছে বেশ কয়েক প্রজাতির চিংড়ি।

নদী-সাগরে ৭০ প্রজাতির মাছ ধরেন টেকনাফের জেলেরা

নাফ নদী ও বঙ্গোপসাগর ঘেরা সীমান্তবর্তী উপজেলা টেকনাফের মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাছ ধরা। উপজেলার মানুষের একটি বড় অংশ জীবিকা নির্বাহ করেন এই পেশায়। প্রতিদিন ভোর থেকে গভীর রাত নৌকা ও ট্রলার নিয়ে তারা পাড়ি জমান নাফ নদী ও বঙ্গোপসাগরে। দুই-চার দিন কিংবা এক সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থানের পর ফিরে আসেন ঘাটে। সঙ্গে থাকে ৭০ প্রজাতির মাছ। মৌসুম ভেদে এই মাছের ধরনও বদলায়। তবে বৈচিত্র্যময় এই মাছের ভান্ডারে দেখা দিচ্ছে উদ্বেগের ছাপ। কারণ গত পাঁচ বছরে অন্তত ১৫ থেকে ২০ প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। সেগুলো কমই পাওয়া যায়।

জেলেদের ভাষ্য অনুযায়ী, মৌসুম ও জালের ধরন অনুযায়ী সাধারণত ৭০ প্রজাতির মাছ শিকার করে থাকেন তারা। এসব মাছ নৌ-ফিশারি ঘাটে এনে জেলে ও ট্রলার মালিকরা বিক্রি করেন। সেখান থেকে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। নাফ নদী ও সাগরের মাছ ধরার ধরন ও পরিমাণে রয়েছে পার্থক্য। নাফ নদীর তুলনায় সাগরে মাছের পরিমাণ অনেক বেশি। সেখানকার মাছের বৈচিত্র্যও সমৃদ্ধ।

টেকনাফের একাধিক জেলে জানিয়েছেন, তাদের জালে প্রায় সময় ধরে পড়া মাছের মধ্যে রয়েছে ছয় ধরনের পোপা (লাল, কালো, সাদা, দাঁতালো, সিল, মাথা), ছুরি, কালা ছুরি, তাইল্যা, বগা ছুরি, বিভিন্ন প্রজাতির হাঙর (যেমন কেলা, বলি, কান হাঙর), চিংড়ি, লবস্টার, বাগদা, গলদা, লইট্টা, কেট টাইগার, ফাইস্যা, চার প্রজাতির চান্দা, কোরাল, আইড়, বাগাড়, বেলে, অলুয়া, স্যালমন, মাইট্টাসহ ৭০ প্রজাতির মাছ। এ ছাড়া ইলিশ ও ফুইট্যা ইলিশও ধরেন। তবে মাছের ভান্ডারে এখন ধীরে ধীরে ঘাটতি দেখা দিয়েছে। 

নানা প্রজাতির মাছ

মাছ ধরতে নানা ধরনের জাল

তবে একই জাল দিয়ে সব মাছ ধরা যায় না। প্রধানত পাঁচ-ছয় ধরনের জাল দিয়ে জেলারা মাছ ধরেন— (১) কারেন্ট জাল (বোয়াল, আইড়, বাইম, বাটা, বাইলা, পুঁটি মাছ ধরার জন্য); (২) বেড় জাল (বোয়াল, আইড়, বাটা, কাতলা, মৃগেলসহ সব ধরনের ছোট মাছ); (৩) খেপলা জাল (পুঁটি, ইচা, ট্যাংরা, বাইলাসহ অন্যান্য ছোট মাছ); (৪) মোই জাল (বাইম, বাতাসি, টাকি, শোল, গজাল); (৫) ঠেলা জাল (পুঁটি, ট্যাংরা, গুলসা, ইচা)। এ ছাড়া বড় জাল, ভেসাল, ঝাকি, টোইরা, খোরা ও ছটকা জালের ব্যবহার করা হয়।

জেলেরা জানান, যেসব জায়গায় স্রোত, সেখানে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যায়। স্বচ্ছ পানিতে মাছ ধরতে কোচ এবং কম পানিতে পলোর ব্যবহারও আছে। আর আছে ইলিশ ধরার জাল। জেলেরা মাছ ধরতে কোন জাল ব্যবহার করবেন, তা নির্ভর করে পানির গভীরতা ও স্রোতের তীব্রতার ওপর। তবে খেপলা জাল সারা বছর ব্যবহার করা হয়।

মহেশখালীয়া ঘাটের জেলে ও মাছ ব্যবসায়ী আব্দুস সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৩০ বছর ধরে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করছি। কখনও ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে যাই। কখনও নিজে মাছ কিনে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই। ঘাটে জেলেদের মুখ দেখলে বুঝতে পারি কী ধরনের মাছ ধরে এনেছেন।’

তিনি বলেন, ‘বঙ্গোপসাগর ও নাফ নদী মিলে এখানকার জেলেরা ৭০ প্রজাতির মাছ ধরেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে কিছু মাছ নাই হয়ে গেছে। এটি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ।’   

/এএম/ 
সম্পর্কিত
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
সর্বশেষ খবর
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক