মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ১২ আগস্ট চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের সঙ্গে ওই পুলিশ সদস্যদের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই শাহরাস্তি উপজেলার আয়নাতলি বাজারে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিজানুর রহমানকে স্থানীয় লোকজন আটক করেন। পরে তার মুঠোফোনে পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে কথোপকথন, অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে শাহরাস্তি থানা পুলিশের কয়েকজন সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগসাজশের অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পর ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগেই এএসআই শহীদ উল্লাহকে ৩ আগস্ট এবং কনস্টেবল শরিফ উদ্দিনকে ৫ আগস্ট কুমিল্লা রেঞ্জে বদলি করা হয়েছিল বলে জানা গেছে।
চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বলেন, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে পাঁচ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্তে তারা অভিযুক্ত প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।









