চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– সেকান্দর মিয়ার দুই ছেলে মোহাম্মদ নাসির (৪৭) ও মোহাম্মদ মনসুর (৫৫)।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, শিপইয়ার্ডে পুরোনো এলএনজিবাহী একটি জাহাজ ভাঙার কাজ চলছিল। জাহাজের ভেতরে একটি বদ্ধ রুমে নামেন কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন সবাই। গুরুতর অসুস্থ অবস্থায় অন্যদের হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, দুপুর ১২টা ১০ মিনিটে ভাটিয়ারীর ফেরদৌস স্টিলের ঘটনায় আহত ছয় জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজনকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, শিপইয়ার্ডটিতে গ্যাস বিস্ফোরণের পর এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় ১০ জনের বেশি শ্রমিক আহত হন।









