পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৪

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায়ের পর টমাস ডুলি বললেন, খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ ছিল। স্বীকার করলেন, পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্রুতগতির ও শারীরিকভাবে বেশি ফিট ছিল।

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছিল। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। এমন হারের পর হতাশা লুকাননি কোচ টমাস ডুলি। দলের ভুল, খেলোয়াড়দের মানসিক চাপ, শারীরিক ক্লান্তি থেকে শুরু করে ফুটবলের সামগ্রিক উন্নয়ন—সবকিছু নিয়েই কথা বলেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি স্বীকার করেছেন, শুরু থেকেই বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। অন্যদিকে পাকিস্তান ছিল অনেক বেশি গতিময় ও গোছানো। তার ভাষায়, ‘প্রথমেই পাকিস্তানকে অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরাও ভীষণ হতাশ। লকার রুম একেবারে নিস্তব্ধ, কেউ কোনও কথা বলছে না।’

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি বলে মনে করেন ডুলি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের চাপের মুখে সেটি সম্ভব হয়নি।

ডুলি বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কয়েকটি ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে।’

দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। উইংয়ে সুকি ও রাকিবের অবস্থান বদল করেও লাভ হয়নি। সুকির পেশিতে টান ধরায় তাকে তুলে নিতে হয়। শেষ দিকে নতুন খেলোয়াড় নামানোর সুযোগও সীমিত ছিল বলে জানিয়েছেন কোচ।

মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি তিনি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল। কোচ বলেন, ‘কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত।’

পাকিস্তানের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তার মতে, একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না।

তিনি বলেন, ‘আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে গতিময় ফুটবল দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা অনুপস্থিত ছিল। এর কারণ হিসেবে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল।

ডুলির ব্যাখ্যা, ‘আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। ওরা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে।’

গোল হজমের পর বাংলাদেশের খেলোয়াড়দের স্থবির হয়ে পড়া নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, ‘আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন।’

এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না।

কোচের কথায়, ‘ঘরের মাঠে জিততেই হবে, ফাইনালে উঠতেই হবে—এমন চাপ থাকলে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখায় না। তরুণ খেলোয়াড়দের জন্য এটি শেখার অভিজ্ঞতা। সত্যি বলতে, শুরু থেকে শেষ পর্যন্ত কখনোই আমার মনে হয়নি আমরা পাকিস্তানের চেয়ে অনেক ভালো দল হিসেবে খেলেছি। চাপে থাকলে অনেক সময় খেলার গতি ও চিন্তার গতি ধীর হয়ে যায়। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানতে হবে, তারা কী ভাবছিল। দিনশেষে তারা মানুষ। বইয়ে লেখা নিয়মের মতো সবকিছু চলে না। বইয়ের তত্ত্ব আর মাঠের বাস্তবতা ভিন্ন।’

পাকিস্তান ভালো দল, মানছেন ডুলি

বাংলাদেশের ফুটবলের মান নিয়ে প্রশ্নের জবাবে পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনা টেনেছেন ডুলি। তার মতে, ফুটবলীয় জ্ঞান, বল রিসিভ করা, পাস দেওয়া এবং কখন কীভাবে দৌড়াতে হবে—এসব জায়গায় পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে।

তিনি বলেন, ‘গত ম্যাচে আপনারা যে বাংলাদেশকে দেখেছেন, এই দলটি তেমন খেলতে সক্ষম। কখনো একটু বেশি, কখনো একটু কম। আমরা আজও দ্রুত পাসিং, ওয়ান-টু টাচ এবং এক পাশ থেকে অন্য পাশে খেলার পরিকল্পনা করেছিলাম। কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল, এটা নিশ্চিত। ফুটবল-জ্ঞান, কখন দৌড়াতে হবে, কীভাবে দৌড়াতে হবে, কীভাবে বল রিসিভ ও পাস করতে হবে—এসব ক্ষেত্রে তারা এগিয়ে। তাই আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’

বাংলাদেশের ফুটবলে উন্নতির জন্য সময় প্রয়োজন বলে মনে করেন ডুলি। তার মতে, অনুশীলনে খেলোয়াড়দের শুধু পাসিং শেখালেই হবে না, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়াতে হবে।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের এক বা দুই টাচে খেলার অভ্যাস গড়ে তুলতে কাজ করছেন। এ জন্য ছোট জায়গায় পাঁচ বনাম দুই অনুশীলন করানো হয়েছে। তবে মাঠে সেই অভ্যাস প্রয়োগ করতে অভিজ্ঞতা ও মানসিক উন্নতি প্রয়োজন।

ডুলির ভাষায়, ‘এটি একটি উন্নয়ন প্রক্রিয়া। রাতারাতি কিছু হয়ে যায় না। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। তাদের শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। সান মারিনোতে প্রথম ম্যাচ খেলার সময় থেকে গত সপ্তাহের পারফরম্যান্স পর্যন্ত আমাদের অনেক উন্নতি হয়েছে। এই উন্নতি ধরে রাখতে হবে।’

বাংলাদেশের ফুটবলের অবকাঠামো ও প্রস্তুতির ঘাটতির বিষয়টিও সামনে এনেছেন তিনি। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুযোগ-সুবিধার তুলনা করার আহ্বান জানিয়ে ডুলি বলেন, ‘এখানকার দলগুলোকে জিজ্ঞেস করে দেখতে পারেন, গত চার মাসে তারা কতবার অনুশীলন করেছে, কয়টি ম্যাচ খেলেছে? অন্য দেশগুলোর মতো সুযোগ-সুবিধা পেলে আমরা আরও ভালো করতে পারতাম কি না, সেটিও ভাবতে হবে। ফুটবলে অনেক বিষয় কাজ করে। শারীরিক ও মানসিক অবস্থা, ম্যাচের দিন কেমন অনুভব করছেন, ছোটখাটো চোট—সবকিছুই গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলন না করে হঠাৎ ক্যাম্পে এসে স্প্রিন্ট দিলে চোটে পড়াটাই স্বাভাবিক।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ

ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের অসন্তোষ দেখা গেছে। বারবার রেফারির সঙ্গে কথা বলায় খেলায় মনোযোগ নষ্ট হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডুলি বলেন, তার খেলোয়াড়দের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ম্যাচটি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।

তবে রেফারির সিদ্ধান্তে দুই দলের জন্য সমান মানদণ্ড অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। ডুলি বলেন, ‘আমি রেফারিকেও বলেছি, আমাদের রক্ষণে তারিক পেছন থেকে এসে একটু ধাক্কা দিলেই প্রায় প্রতিবার ফাউল দেওয়া হচ্ছিল। অথচ আক্রমণে রাকিবের ক্ষেত্রে একবারও ফাউল দেওয়া হয়নি। নিয়ম দুই দলের জন্যই সমান হতে হবে। আমাদের বিপক্ষে যেটা ফাউল, ওদের ক্ষেত্রেও সেটা ফাউল হতে হবে। পেছন থেকে ধাক্কা দেওয়া বা জার্সি টানার পরও ফাউল না পেলে খেলোয়াড়েরা হতাশ হয়।’

তবে রেফারির সিদ্ধান্তকে হারের কারণ হিসেবে দেখাতে চাননি তিনি। বরং খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রস্তুতির ঘাটতিকেই বড় করে দেখছেন।

সংবাদ সম্মেলনের শেষ দিকে ডুলি জানিয়েছেন, বাংলাদেশের দলকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নতুন খেলোয়াড় যুক্ত করে দলকে শক্তিশালী করতে চান। একই সঙ্গে রক্ষণভাগে সাদ উদ্দিনের অনুপস্থিতিও অনুভব করেছেন তিনি।

/টিএ/এসটি/ 
সম্পর্কিত
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান
সর্বশেষ খবর
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
ভুটানকে ৪ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ