লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা ফারুক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এআইয়ের মাধ্যমে একটি ভুয়া ছবি তৈরি করে স্থানীয় সংসদ সদস্যের নামে অপপ্রচারের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। বুধবার তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফারুক উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তিনি স্থানীয় মাছিমপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত সেলিমের একটি ছবি এআই ব্যবহার করে বিতর্কিতভাবে ফেসবুকে দেওয়া হয়। পরে ছবিটি ভাইরাল হয়। এতে রামগঞ্জসহ দেশব্যাপী বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম পিন্টু বাদী হয়ে ৭ জুলাই সাইবার সুরক্ষা আইনে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন।









