চট্টগ্রামের রাউজানে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শফীর ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবদল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে তার কোনও পদ-পদবি ছিল না বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরানিহাট সংলগ্ন সড়কে দুর্বৃত্তরা করিমের বুকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দীর্ঘ সময় তার মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উরকিরচরের কেরানিহাট এলাকায় এক যুবক নিহত হয়েছেন। তাকে কে বা কারা গুলি করে হত্যা করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ নিয়ে রাউজানে ২৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।









