কুমিল্লার পুরাতন এয়ারপোর্ট এলাকার বাণিজ্য মেলায় এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে ফেরার পথে পাঁচ জনকে ধাওয়া করে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ছয়টি মোবাইল, ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি জানায়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাণিজ্য মেলায় মোবাইল ফোন ছিনতাইয়ের খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার ধাওয়া করার পর পাঁচ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—কুমিল্লা সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের রতন মিয়ার ছেলে আরিফুল ইসলাম রাকিব (২৪), আমির হোসেনের ছেলে ইকরাম হোসেন সাকিব (২৪), চকবাজার কাশারিপট্টির মো. হাশেমের ছেলে মো. রাকিব (২২), মান্নান মিয়ার ছেলে মো. তামিম (১৯) এবং সদর উপজেলার নূরপুর এলাকার মো. সোহেলের ছেলে মো. হৃদয় (২১)।
ওসি শামসুল আলম শাহ বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রায় ২৫ দিন আগে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ছিনতাই হওয়া লাকসাম সরকারি কলেজের অধ্যক্ষের মোবাইল ফোনটিও পাওয়া গেছে। বাকি মোবাইল ফোনগুলোর মালিকানা শনাক্তের কাজ চলছে।’
এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত তিনটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।









