বিদ্যুৎ বিভাগ বলছে উৎপাদন দ্বিগুণ, বাস্তবে ৮ ঘণ্টা লোডশেডিং

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১

চট্টগ্রাম অঞ্চলে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ উৎপাদন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। তবে বাস্তবে কমছে না লোডশেডিং। নগরীতে দিনে-রাতে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। জেলার ১৬টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় পরিস্থিতি আরও খারাপ বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। উপজেলাগুলোতে ৮-৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকছে এখনও। এতে তীব্র গরমের মধ্যে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইনের কাজ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে সকাল ১১টায় ২ হাজার ৭৭৬ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২ হাজার ৯২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। অথচ ওই দিন সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৪৩১ দশমিক ৯৯ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১ হাজার ২০৭ দশমিক ৮৯ মেগাওয়াট। ফলে ওই সময় ঘাটতি ছিল ২২৪ দশমিক ১০ মেগাওয়াট। অফ-পিক আওয়ারেও ৭৫ দশমিক ৮০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে।

৩০ কেন্দ্র থেকে উৎপাদন

পিডিবি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের সরকারি-বেসরকারি প্রায় ৩০টি বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হচ্ছে। এর মধ্যে বড় ভূমিকা রাখছে এস আলম গ্রুপের এসএস পাওয়ার, সরকারি মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা, জুলদা-২ ও জুলদা-৩সহ কয়েকটি কেন্দ্র।

গত রবিবার সন্ধ্যা ৭টায় এসএস পাওয়ার থেকে ১ হাজার ২২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সকাল ১১টায় উৎপাদন ছিল ১ হাজার ১৮০ মেগাওয়াট। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে সকালে ১ হাজার মেগাওয়াট এবং সন্ধ্যায় ৭২২ মেগাওয়াট উৎপাদন হয়।

শিকলবাহা ২২৫ মেগাওয়াট কেন্দ্র থেকে সকাল ও সন্ধ্যা—দুই সময়েই ২১৭ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হয়। জুলদা-২ কেন্দ্র থেকে সকালে ১২ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১০০ মেগাওয়াট এবং জুলদা-৩ থেকে যথাক্রমে ১২ ও ৭৫ মেগাওয়াট উৎপাদন হয়। দোহাজারী ১০০ মেগাওয়াট কেন্দ্র থেকে সকালে কোনও উৎপাদন না হলেও সন্ধ্যায় ৫১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।

এনার্জিপ্যাক ১০০ মেগাওয়াট কেন্দ্র থেকে সকাল ১১টায় ২৫ দশমিক ০১ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ৪৬ মেগাওয়াট উৎপাদন হয়েছে। হাটহাজারী ১০০ মেগাওয়াট কেন্দ্রের উৎপাদন সকালে ৭ মেগাওয়াট থেকে বেড়ে সন্ধ্যায় ৪৫ মেগাওয়াটে দাঁড়ায়।

বিআর পাওয়ার ১৫০ মেগাওয়াট কেন্দ্র থেকে সকালে ১৭ মেগাওয়াট ও সন্ধ্যায় ৩৫ মেগাওয়াট এবং বারাকা ৫০ মেগাওয়াট কেন্দ্র থেকে সকালে কোনও উৎপাদন না হলেও সন্ধ্যায় ১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বারাকা কর্ণফুলী ১১০ মেগাওয়াট কেন্দ্র থেকে দুই সময়েই ১৭ মেগাওয়াট করে উৎপাদন হয়েছে।

আনলিমা ১১৬ মেগাওয়াট কেন্দ্র থেকে সকালে ১৫ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। আনোয়ারা ইউনাইটেড ৩০০ মেগাওয়াট কেন্দ্র থেকে দুই সময়েই ১৬ মেগাওয়াট করে উৎপাদন হয়েছে।

কাপ্তাইয়েও উৎপাদন উল্লেখযোগ্য

কাপ্তাইয়ের জলবিদ্যুৎকেন্দ্রগুলো থেকেও ওই দিন উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়। কাপ্তাই-১ নম্বর ইউনিট থেকে সকাল ও সন্ধ্যায় ৪৬ মেগাওয়াট করে এবং কাপ্তাই-২ থেকে যথাক্রমে ৪৬ ও ৫০ মেগাওয়াট উৎপাদন হয়েছে। কাপ্তাই-৩ থেকে সকালে ৪৬ ও সন্ধ্যায় ৪০ মেগাওয়াট এবং কাপ্তাই-৪ থেকে যথাক্রমে ৪০ ও ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 

এ ছাড়া আরপিসিএল ২৬ দশমিক ৪ মেগাওয়াট কেন্দ্র থেকে সকাল ১১টায় ৮ মেগাওয়াট ও সন্ধ্যায় ১৭ মেগাওয়াট এবং ইউনাইটেড পাওয়ার ৫০ মেগাওয়াট কেন্দ্র থেকে যথাক্রমে ২ ও ৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। তবে কিছু নবায়নযোগ্য ও ছোট বিদ্যুৎকেন্দ্র থেকে ওই দুই সময়ে উৎপাদন ছিল শূন্য বা সীমিত। কক্সবাজার উইন্ড পাওয়ার, বারাকা শিকলবাহা, দেশ এনার্জি, কেপিজেড সোলার-১ ও ২ এবং রাউজান-১ ও ২ থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন পাওয়া যায়নি। কাপ্তাই সোলার থেকে সকালে ৪ দশমিক ৬২ মেগাওয়াট উৎপাদন হলেও সন্ধ্যায় তা শূন্যে নেমে যায়। টেকনাফ সোলার থেকে সকালে ১৬ দশমিক ৭৭ মেগাওয়াট উৎপাদন হলেও সন্ধ্যায় কোনো উৎপাদন ছিল না বলে পিডিবি সূত্রে জানা গেছে।

উৎপাদন বেশি হলে সরবরাহে ঘাটতি কেন?

চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুতের চাহিদা সাধারণত ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৫০০ মেগাওয়াটের মধ্যে থাকলেও স্থানীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি শুধু চট্টগ্রামেই সরবরাহ করা হয় না; জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর সেখান থেকেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ৩০ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে চাহিদার তুলনায় গত রবিবার ৭৫ মেগাওয়াট থেকে ২২৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং ছিল।’

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি

তীব্র গরমের মধ্যে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। দিনের গরমের পর রাতেও বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে অস্বস্তি আরও বাড়ছে। লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, অনলাইনে কাজ করা মানুষ ও ছোট ব্যবসায়ীরা।

নগরে ৬-৭ ঘণ্টা লোডশেডিং

নগরের পাঁচলাইশ থানার সংগীত আবাসিক এলাকার বাসিন্দা কাশবি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিন-রাতে মিলে ৬-৭ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। প্রতিবার এক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে চরম দুর্ভোগ পোহাতে হয়। এর সঙ্গে গত এক মাস ধরে গ্যাসের সংকটও রয়েছে। দুই দিকেই ভোগান্তি পোহাতে হয়।’

নগরের বাকলিয়া থানার এক্সেস রোড সংলগ্ন মৌসুমী আবাসিক এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দিন-রাত ২৪ ঘণ্টায় ৬-৭ ঘণ্টা লোডশেডিং থাকে। রাতে ঘুমাতে গেলেও বিদ্যুৎ থাকে না। একবার গেলে এক-দুই ঘণ্টায়ও আসে না। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

গ্রামের পরিস্থিতি আরও খারাপ

নগরীর তুলনায় চট্টগ্রামের ১৬টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। লোহাগাড়ার বড়হাতিয়া এলাকার বাসিন্দা আহমেদ মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রামে বিদ্যুতের অবস্থা ভয়াবহ। ২৪ ঘণ্টার মধ্যে ৮-৯ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকে। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্মে যেমন ব্যাঘাত ঘটে, তেমনি গরমে চরম দুর্ভোগ পোহাতে হয়।’

/এএম/ 
সম্পর্কিত
দেশে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান হবে কবে
সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
সর্বশেষ খবর
থাইল্যান্ডের বিখ্যাত পথের খাবার, যেগুলোর স্বাদ একবার হলেও নেবেন
থাইল্যান্ডের বিখ্যাত পথের খাবার, যেগুলোর স্বাদ একবার হলেও নেবেন
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
দেড় বছরে হামজার ৫ হাজার জার্সি বিক্রি!
দেড় বছরে হামজার ৫ হাজার জার্সি বিক্রি!
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার