অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
সাইবার সুরক্ষা আইনে খুলশি থানায় করা মামলায় তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়েছিল কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ)। শুনানি শেষে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬৩ বিদেশির প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য ধার্য তারিখ ছিল।
চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ৬৩ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ২০ দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।
গ্রেফতার বিদেশিদের মধ্যে লাওসের ৩৪, পাকিস্তানের ২১, চীনের ৫, নেপালের ১ ও ভিয়েতনামের ১ জন রয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী। এ ছাড়া তাদের সঙ্গে একটি শিশুও ছিল।
পুলিশ জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর রাতে নগরের দক্ষিণ খুলশীর ২ নম্বর সড়কের ‘বিশ্রাম ভবনের’ নিচতলায় ‘স্টিড ফাস্ট’ কুরিয়ার লিমিটেডের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।
কুরিয়ার সার্ভিসে বুকিং থাকা মালামাল তল্লাশি করে দুটি পলিব্যাগ থেকে ১১৮ গ্রাম কোকেন জব্দ করা হয়। এর মধ্যে একটিতে ৬০ গ্রাম ও অন্যটিতে ৫৮ গ্রাম কোকেন ছিল। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের আব্দুর রউফের ছেলে রিয়াদুল আহমেদ ও ঢাকার দক্ষিণখানের কলিল বক্স রোডের আলমগীরকে আসামি করে খুলশী থানায় মামলা করা হয়। পরে গত শনিবার চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার বাসিন্দা এস এম মহসিনকে গ্রেফতার করে পুলিশ।
কোকেনের চালান আটকের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন গোয়েন্দারা। একপর্যায়ে এলআইসি শাখার গোয়েন্দারা খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পান।
অভিযানে ভবনের প্রতিটি তলায় তৈরি করা সার্ভার স্টেশনে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস পাওয়া যায়। সেগুলো জব্দ করা হয়।
অভিযানে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তাদের কারও কাছে পাসপোর্ট পাওয়া যায়নি।









