চার দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সরেছেন অবরোধকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোটবাড়ি এলাকায় অপ্রিতম হত্যাবিচার দাবি করে অবরোধ শুরু করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা শেষে মেইন গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে অগ্রসর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীদের দাবি করার চারটি দাবি হলো- অপ্রতিম হত্যায় জড়িতদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিত করা। কুমিল্লার জেলা পুলিশ সুপার, কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানা পুলিশকে হত্যাকাণ্ডে তাদের ব্যর্থতা স্বীকার করতে হবে। বিশ্ববিদ্যালয় এলাকার জন্য একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করতে হবে। কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।









