আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১

চট্টগ্রাম-নাজিরহাটের জনপ্রিয় লোকাল ট্রেনসহ রেলওয়ে পূর্বাঞ্চলের আরও ছয়টি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজস্ব আয় বাড়ানো, টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং জনবল সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন ছয়টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় গেলে পূর্বাঞ্চলে এ ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনের সংখ্যা দাঁড়াবে ১৪টিতে। বর্তমানে আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, ছয়টি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ট্রেনগুলো হলো—চট্টগ্রাম-নাজিরহাট লোকাল, জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার, নরসিংদী কমিউটার, নোয়াখালী এক্সপ্রেস ও সমতট এক্সপ্রেস। এর মধ্যে জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার ও নরসিংদী কমিউটারের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দিতে ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য তিনটি ট্রেনের ক্ষেত্রেও দরপত্র আহ্বান করা হবে।

তবে নোয়াখালী এক্সপ্রেস ও সমতট এক্সপ্রেস বর্তমানে বন্ধ রয়েছে। ইঞ্জিন সংকটসহ বিভিন্ন কারণে বন্ধ থাকা এ দুটি ট্রেন পুনরায় চালু হওয়ার পর বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

অপরদিকে, চট্টগ্রাম-নাজিরহাট লোকাল ট্রেনটির বগির মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মানোন্নয়ন শেষ হলে ট্রেনটিকে কমিউটার ট্রেনে রূপান্তর করে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার পরিকল্পনা রয়েছে।

৩ ট্রেনের দরপত্র আহ্বান

জারিয়া লোকাল প্রতিদিন চার জোড়া, নারায়ণগঞ্জ কমিউটার আট জোড়া এবং নরসিংদী কমিউটার এক জোড়া চলাচল করে। এ তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে গত ৬ সেপ্টেম্বর দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত দরপত্রের ফরম সংগ্রহ করা যাবে। ৬ অক্টোবর দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছয়টি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে জারিয়া লোকাল, নারায়ণগঞ্জ কমিউটার ও নরসিংদী কমিউটারের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্রসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে। অন্য ট্রেনগুলোর ক্ষেত্রেও পর্যায়ক্রমে দরপত্র আহ্বান করা হবে।’

ভাড়া বাড়বে নাকি কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেসরকারি ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো অলাভজনক ট্রেনকে লাভজনক করা এবং যাত্রীসেবার মান উন্নত করা। সরকারি নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। এর বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ থাকবে না।’

টিকিট পরীক্ষায় সংকট

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, লোকাল ও কমিউটার ট্রেনে যাত্রীর ওঠানামা বেশি হওয়ায় টিকিট পরীক্ষা করা কঠিন। এসব ট্রেন স্বল্প দূরত্বে চলাচল করে এবং পথে অনেক স্টেশনে থামে। ফলে অল্প সময়ে বিপুলসংখ্যক যাত্রী ওঠানামা করেন।

পর্যাপ্ত টিকিট পরীক্ষক না থাকায় অনেক সময় সব যাত্রীর টিকিট পরীক্ষা করা সম্ভব হয় না। কেউ টিকিট ছাড়াই ট্রেনে ওঠেন, আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরের গন্তব্যে চলে যান। এতে রেলওয়ে রাজস্ব হারায়।

বেসরকারি ব্যবস্থাপনায় ৮ ট্রেন

রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে পূর্বাঞ্চলের আটটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এগুলো হলো—ঢাকা-চট্টগ্রাম রুটের কর্ণফুলী কমিউটার, চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা কমিউটার, ঢাকা-জারিয়াঝাঞ্জাইল রুটের বলাকা কমিউটার, ঢাকা-আখাউড়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটের তিতাস কমিউটার, ঢাকা-মোহনগঞ্জ রুটের মহুয়া কমিউটার, ঢাকা-দেওয়ানগঞ্জবাজার রুটের জামালপুর কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার।

রেলওয়ের পূর্বাঞ্চলীয় বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় থাকার সময় পূর্বাঞ্চলের ওই আটটি ট্রেন থেকে সর্বশেষ বছরে রেলওয়ের আয় হয়েছিল ১০ কোটি ৫১ লাখ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর ২০২৪-২৫ অর্থবছরে এসব ট্রেন থেকে আয় বেড়ে দাঁড়ায় ২৬ কোটি ৩৩ লাখ টাকা। অর্থাৎ আয় বেড়েছে ১৫ কোটি ৮২ লাখ টাকা।

এ প্রসঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) মো. শওকত জামিল মোহসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্বাঞ্চলে বর্তমানে আটটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। আরও তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যেসব ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, সেগুলো আগের চেয়ে—অর্থাৎ রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সময়ের তুলনায়—বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর আয় অনেক বেড়েছে। এ তিনটি ট্রেনের বেলায়ও আশা করছি আয় বাড়বে।’

/এএম/ 
সম্পর্কিত
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
সর্বশেষ খবর
মেরুজ্যোতির নাচ দেখতে পাড়ি দিন রাশিয়ার মুরমানস্কে, খরচও তুলনামূলক কম
মেরুজ্যোতির নাচ দেখতে পাড়ি দিন রাশিয়ার মুরমানস্কে, খরচও তুলনামূলক কম
মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
মধ্যরাতে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন
এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’
এসপি বললেন ‘কেউ চাপ দিলে আমি নাম বলে দেবো’
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
সিটির শাস্তি হলেই হাল্যান্ডকে নিয়ে রিয়াল-বার্সার যুদ্ধ!
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম