চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে ১৬ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত ৬টি নৌকা, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ মণ ইলিশ মাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নৌ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অভিযানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মাছ শিকার অবস্থায় ১৬ জেলেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় চাঁদপুর সদর থানায় ৬টি মামলা করা হয়েছে। জব্দ করা জাল ও নৌকা আদালতের নির্দেশনা অনুযায়ী বিনষ্ট করা হয় এবং জব্দ করা ইলিশ মাছ আদালতের অনুমতি নিয়ে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
চাঁদপুর নৌথানার ওসি আলমগীর হোসাইন বলেন, মা ইলিশের অভয়াশ্রম ও প্রজনন সুরক্ষায় নদীতে দিন-রাত সার্বক্ষণিক ৩ থেকে ৪টি টিম টহল দিচ্ছে। কোনোভাবেই অসাধু জেলেদের নদীতে নামতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।