চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৫ অক্টোবর ২০২৬, ২২:২৮ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২২:২৮

উপাচার্য পুনর্বহালের দাবিতে শাটডাউন কর্মসূচি শুরুর ৩৪তম দিনে এসে শ্রেণিকক্ষে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনে নামা শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এক খোলা চিঠিতে প্রথমে ক্লাসে ফেরার সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এ চিঠির পর দুপুর ১২টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সভা হয়। বেলা ২টায় এ সভা শেষ হয়। সভা শেষেও একই সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষক সমিতির নেতারা বলেছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ‘প্রলম্বিত না করতে’ তারা একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন নিয়োগ পাওয়া উপাচার্যের ক্যাম্পাসকেন্দ্রিক কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্বঘোষিত কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ পালিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি আগের উপাচার্য পুনর্বহাল ও নতুন উপাচার্যকে প্রত্যাহারের আন্দোলন চলবে বলেও তারা জানিয়েছেন।

একই ধরনের শর্ত তুলে ধরে শিক্ষার্থীরা বলেছেন, শ্রেণিকক্ষে ফিরলেও আগের উপাচার্য পদে আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

গত ২৪ অক্টোবর পর্যন্ত চুয়েটে দুর্গাপূজার ছুটি ছিল। রবিবার থেকে কর্মদিবস শুরু হলেও চলমান আন্দোলনের কারণে এদিনও অচল ছিল চুয়েট। এর মধ্যে রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের উদ্দেশে একটি খোলা চিঠি দেয়।

খোলা চিঠিতে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থায় তাদের শিক্ষাজীবন ক্রমাগত পিছিয়ে পড়ছে। তারা আর শিক্ষা ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে চান না। ক্লাসে ফিরে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে চান। তবে ক্লাসে ফিরতে চাওয়ার অর্থ আন্দোলন থেকে সরে আসা নয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের এই সম্মিলিত আন্দোলনের এক দফা দাবি মানতে হবে। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

চিঠিতে আরও বলা হয়, নতুন নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক্যাম্পাসে প্রবেশ করলে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবেন।

শাটডাউন প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলক্বার নাইন মিহাদ বলেন, ‘দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা চাই, দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। আমরা সংঘাত নয়, সংকটের সম্মানজনক সমাধান চাই। আশা করি, আমাদের শিক্ষাজীবন সচল রাখার পাশাপাশি দাবির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, ‘আমাদের সাধারণ সভায় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরাও ক্লাসে ফিরতে চান বলে তারা জানিয়েছেন। আর বাকি সিদ্ধান্তগুলো বিবৃতি দিয়ে জানানো হবে। ক্লাস শুরু কবে হবে এটা স্ব স্ব বিভাগে ঠিক করবে।’

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়েছে।

এই আন্দোলনের মধ্যেই ১২ অক্টোবর সকাল ৯টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি। তবে বিষয়টি জানতে পেরে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য আলটিমেটাম দেন তারা। একপর্যায়ে দুপুর ১২টার পর তারা ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন। উপাচার্য ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেন।

ভবনে তালা দেওয়ায় উপাচার্যসহ ভেতরে ১১ জন আটকে পড়েন। পরদিন অসুস্থ বোধ করছেন বলে জানান উপাচার্য। তাকে পরীক্ষা-নিরীক্ষা করতে যান দুই চিকিৎসক। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাদের উদ্ধার করা হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তিনি গত বৃহস্পতিবার ফেরেন। এরপর শুক্রবার নগরের সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য।

চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে ১৮ অক্টোবর ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ওই কমিটিতে চুয়েটের কোনও শিক্ষক বা প্রতিনিধি নেই। ওই পরমার্শক কমিটি বুধবার সকালে চুয়েট পরিদর্শন করবে এবং বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করবে।

/এএম/ 
সম্পর্কিত
৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত আপিল বিভাগের রায় প্রকাশ
মাদ্রাসায় যৌন নিপীড়নের অভিযোগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল
ছাত্রীকে হুজুরের যৌন হয়রানি, মাদ্রাসায় আগুন দিলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়
প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
প্রাইভেটকারে এসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবারও ‘দাম বাড়াতে’ শুনানি
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন