জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এটি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদর করেছিলেন। শুনানিকালে জ্যোতিকা জ্যোতিকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তাকে অশ্রুসিক্ত দেখা গেছে। কয়েকদফা চোখের পানি মুছতে দেখা যায় তাকে।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ছিলেন। তবে জ্যোতিকা জ্যোতির পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। মামলার এজাহারনামীয় ২১৬ নং আসামি তিনি।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক।
অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয় মামলায়। এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।
একাধিক সম্পর্কে জড়ানো নিয়ে যা বললেন অনন্যা