ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১০:২১ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৪

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। সফরে তার রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার কথা রয়েছে। এ সময় নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। এর আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এমন এক সময়ে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়। এমন প্রেক্ষাপটে রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গাদের কাছে আইসিজের রায় শুধু আইনি স্বীকৃতি বা ন্যায়বিচারের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে নিজ দেশে ফিরে যাওয়ার দীর্ঘ প্রতীক্ষাও। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করবে।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আইসিজের রায় আমাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়বিচারের পথকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করি। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং আরও বলেন,  আমরা খলিলুর রহমানকে রোহিঙ্গা শিবিরে স্বাগত জানাই। তিনি আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আমরা আশা করি, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের নিজেদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।

/আরএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং আমাদের মানবিক দায়
‘সত্যের স্বীকৃতি মিলেছে’, মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে উচ্ছ্বসিত রোহিঙ্গারা
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়, স্বাগত জানালো বাংলাদেশ
সর্বশেষ খবর
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমলো কত
পেন্টাগন কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্রের নতুন সাইবার নিরাপত্তা প্রধান
পেন্টাগন কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্রের নতুন সাইবার নিরাপত্তা প্রধান
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক
বাণিজ্যিক নগরীতে ধারাবাহিক নাশকতা-অগ্নিসংযোগ, উদ্বেগ-আতঙ্ক
আগ্রাসী পেস বোলিং ফেরাতে ১ লাখ ডলার দিতেও রাজি শোয়েব!
আগ্রাসী পেস বোলিং ফেরাতে ১ লাখ ডলার দিতেও রাজি শোয়েব!
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট