পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের ছয়টি বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মজুরি বাড়ানোর ক্ষেত্রে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে রফতানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রফতানি প্রণোদনাও কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান।
চিঠিতে বলা হয়, গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডি তাদের গবেষণা ও প্রস্তাবনা উপস্থাপন করে। ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের মজুরি নির্ধারণ প্রক্রিয়াতেও সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের গবেষণা উদ্যোগকে স্বাগত জানালেও তথ্য ও হিসাব পদ্ধতির কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ।
পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নিয়ে প্রশ্ন
সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে একটি পোশাকশ্রমিক পরিবারের মধ্যক সদস্যসংখ্যা চার জন এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন নির্ধারণ করেছে। বিজিএমইএর মতে, এ ক্ষেত্রে মধ্যকের পরিবর্তে গড় হিসাব ব্যবহার করা হলে বিভিন্ন গবেষণার তথ্য আরও যথাযথভাবে প্রতিফলিত হতো।
সংগঠনটি বলেছে, সিপিডির নিজস্ব ২০২৩ সালের পোশাকশ্রমিক জরিপে একটি পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন। উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। অথচ নতুন গবেষণায় তিন বছরের ব্যবধানে পরিবারের সদস্যসংখ্যা বেড়ে চার জন এবং উপার্জনক্ষম সদস্য কমে ১ দশমিক ৫৮ জন হয়েছে। এই পরিবর্তনের পেছনে কী কারণ রয়েছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য তুলে ধরেছে বিজিএমইএ। ওই জরিপ অনুযায়ী, দেশে একটি পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ছিল ৪ দশমিক ৬৬ জন। ২০১১ সালে তা কমে ৪ দশমিক ৩৫ জন এবং ২০২৩ সালে ৩ দশমিক ৯৬ জনে দাঁড়ায়। জাতীয় পর্যায়ে পরিবারের সদস্যসংখ্যা কমার প্রবণতার মধ্যে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বৃদ্ধির হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
শুধু ঢাকার ব্যয়ে পুরো শিল্পের মজুরি নির্ধারণে আপত্তি
সিপিডির প্রস্তাবে ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি ধরে পুরো পোশাকশিল্পের মজুরি নির্ধারণের বিষয়টিও যথাযথ মনে করছে না বিজিএমইএ।
সংগঠনটির বক্তব্য, ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য অনুযায়ী, ঢাকা শহর এলাকায় জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। তাই শুধু এই এলাকার ব্যয় বিবেচনা না করে ঢাকা শহর ও গ্রামাঞ্চলের ব্যয়ের গড় হিসাব নেওয়া যৌক্তিক হতো। বিজিএমইএ’র দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা গ্রামাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ২৩৪ টাকা এবং ঢাকা শহর ও গ্রামাঞ্চলের গড় ৪ হাজার ৫৭৮ টাকা।
এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলে পোশাক কারখানার অবস্থান এবং রফতানিতে তাদের অবদান বিবেচনায় নিয়ে একটি ভারসাম্যপূর্ণ হিসাব তৈরির প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
বিজিএমইএর দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানাগুলো থেকে দেশের মোট পোশাক রফতানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ রফতানি হয়েছে অন্যান্য এলাকা থেকে। ফলে শুধু ঢাকা শহরের জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরে পুরো শিল্পের মজুরি নির্ধারণ করলে বাস্তব পরিস্থিতির প্রতিফলন নাও ঘটতে পারে।
আবাসন ব্যয় দুইবার গণনার আশঙ্কা
সিপিডির গবেষণায় খাদ্যবহির্ভূত ব্যয় ও আবাসন ব্যয়ের হিসাব নিয়েও আপত্তি জানিয়েছে বিজিএমইএ।
চিঠিতে বলা হয়েছে, সিপিডি অ্যানকার পদ্ধতি অনুসরণ করে এইচআইইএস-২০২২ এর ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে। এর সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে।
বিজিএমইএর যুক্তি, এইচআইইএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এর সঙ্গে নতুন করে আবাসন ব্যয় যোগ করলে একই খরচ দুইবার গণনা হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সিপিডির ব্যবহৃত হিসাব পদ্ধতি স্পষ্ট করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আগের মজুরি বৃদ্ধি ও অন্যান্য গ্রেডের হিসাব নেই
বিজিএমইএর অন্য আপত্তিগুলোর মধ্যে রয়েছে আগের মজুরি বৃদ্ধির হিসাব এবং শ্রমিকদের বিভিন্ন গ্রেডের মজুরি মূল্যায়ন না করা।
সংগঠনটির মতে, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ে দেওয়া বার্ষিক ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়া হয়নি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার নির্ধারিত ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টি হিসাবের মধ্যে থাকা প্রয়োজন ছিল।
এ ছাড়া সিপিডির প্রস্তাবে শুধু এন্ট্রি গ্রেডের মজুরি নিয়ে আলোচনা করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরি সম্পর্কে সুস্পষ্ট মূল্যায়ন না থাকায় পুরো মজুরি কাঠামো নিয়ে প্রশ্ন থেকে গেছে বলে মনে করে বিজিএমইএ।
উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা
ন্যূনতম মজুরি নির্ধারণে শুধু শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা না করে শিল্পের সামগ্রিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
চিঠিতে বলা হয়েছে, গত তিন বছরে পোশাকশিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। বিপরীতে রফতানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশ হয়েছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব কারণে শিল্পের ওপর আর্থিক চাপ বেড়েছে।
বিজিএমইএর দাবি, গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। আরও অনেক কারখানা আর্থিক সংকটের ঝুঁকিতে রয়েছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতার তুলনা তুলে ধরে সংগঠনটি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ বেড়েছে।
এর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ কমে যাওয়া, নীতির অস্থিরতা এবং ঋণের উচ্চ সুদকে শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে বিজিএমইএ।
সংগঠনটির মতে, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্যসুবিধা হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপও বাংলাদেশের রফতানিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
এ অবস্থায় মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি উৎপাদন খরচ, রফতানি বাজারের পরিস্থিতি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অবস্থান বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
চিঠিতে বিজিএমইএ সিপিডির কাছে উত্থাপিত বিষয়গুলোর ব্যাখ্যা ও মতামত চেয়েছে। একইসঙ্গে শ্রমিকদের কল্যাণ এবং পোশাকশিল্পের টেকসই সক্ষমতা নিশ্চিত করতে একটি স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি নির্ধারণ কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।