সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা, ২০ টাকার ডিম কিনতে গুনতে হচ্ছে ৫০ টাকা

কক্সবাজার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১১:৪০ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:৪০

বৈরী আবহাওয়ায় নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকদের মধ্যে কয়েক শ জন অবশেষে মূল ভূখণ্ডে ফিরেছেন। তবে দ্বীপে অবস্থানকালে হোটেল ভাড়া, খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন ফিরে আসা পর্যটকেরা। তাদের দাবি, দুর্যোগের কারণে নিরুপায় হয়ে পড়া পর্যটকদের অসহায়ত্বের সুযোগ নিয়েছেন কিছু হোটেল মালিক ও ব্যবসায়ী। কেউ কেউ পরিস্থিতিকে এক প্রকার ‘জিম্মি দশা’ বলেও বর্ণনা করেছেন।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া কিছুটা অনুকূলে এলে প্রশাসনের অনুমতি নিয়ে ১৬টি সার্ভিস ট্রলারে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরে আসেন। উত্তাল সাগর পাড়ি দিয়ে ছোট কাঠের ট্রলারে ফেরার অভিজ্ঞতা বর্ণনা করে তারা জানান, যাত্রাপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল প্রতি মুহূর্তে।

পর্যটকদের অভিযোগ, জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপে অবস্থানের সময় অনেক হোটেল ও খাবারের দোকানে দাম বাড়িয়ে দেওয়া হয়। অতিরিক্ত দিন থাকতে হওয়ায় আবাসন ও খাবারের খরচও বেড়ে যায়। তবে কিছু হোটেল মালিক ভাড়ায় ছাড় দিয়েছেন এবং কয়েকজন ব্যবসায়ী স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা করেছেন বলেও জানান তারা।

এক পর্যটক অভিযোগ করেন, দ্বীপে খাবারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। ২০ টাকার একটি ডিম কিনতে তাকে ৫০ টাকা দিতে হয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক পর্যটক বাধ্য হয়ে বাড়তি দামে খাবার কিনেছেন। কারও কারও সঙ্গে থাকা টাকাও শেষ হয়ে যায়। ফলে থাকা-খাওয়া ও বাড়ি ফেরার অনিশ্চয়তা মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।

আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ায় রবিবার থেকে বড় জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্বীপে অবস্থানরত বাকি পর্যটকদেরও নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। এ পরিস্থিতিতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি হওয়ায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের মধ্যে ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ৩৮ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা। তাদের মধ্যে ৩০ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তা রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে না পারায় তাঁদের অবস্থান দীর্ঘায়িত হয়। এতে কোর্স ট্যুরের জন্য নির্ধারিত বাজেটেও টান পড়ে। অতিরিক্ত থাকা-খাওয়া ও অন্যান্য খরচ কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তারা। ঝুঁকিপূর্ণ হওয়ায় সীমিত পরিসরে চলাচল করা ট্রলারে ফেরার সিদ্ধান্তও নেননি।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫ জন এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৩১ জন শিক্ষক-শিক্ষার্থীও দ্বীপে আটকা পড়েন। তাদের মধ্যে জাবিপ্রবির এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। দীর্ঘ সময় আটকে থাকায় এসব দলের খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে আসে।

প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, বুধবার রাতে তাদের জানানো হয়, বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ রাখার খবর দেওয়া হয়। এতে তারা বিপাকে পড়েন।

এদিকে এখনও দ্বীপে আট শতাধিক পর্যটক অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের দুর্ভোগ কমাতে স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় থাকার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল প্রশাসন। তবে অনেক প্রতিষ্ঠান সেই নির্দেশনা অনুসরণ করেনি বলে অভিযোগ রয়েছে।

দুর্যোগের সময় পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল ভাড়া, খাবার এবং অন্যান্য সেবার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের মতে, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পর্যটকদের দুর্ভোগ কমানো সম্ভব হবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলার ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ কমাতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হোটেল-রিসোর্ট মালিকদের বিনা মূল্যে অথবা অর্ধেক ভাড়ায় পর্যটকদের থাকার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। খাবার ও অন্যান্য সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আবহাওয়া অনুকূলে এলে আটকে থাকা পর্যটকদের নিরাপদে মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

/আরএইচ/
সম্পর্কিত
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
মেক্সিকোয় মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ আটক, সংঘর্ষে চার সেনাসহ নিহত ১১
খুলনার সাবেক কাউন্সিলরকে মতিঝিলে মারধর, পুলিশের কাছে সোপর্দ
সর্বশেষ খবর
স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি
স্বর্ণ কম কিনতে বলেছিলাম, তাই দাম কমেছে: মোদি
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
ডিএমপির অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
ডিএমপির অভিযানে ৩৩৫ জন গ্রেফতার, মামলা ৩৬
আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ