রাজধানীর মতিঝিল এলাকা থেকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী তালাত হোসেন কাহুটকে আটক করেছেন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে তাকে মারধর করে আহত অবস্থায় মতিঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে মতিঝিল এলাকায় অবস্থানকালে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাহুটকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়। পরে তাকে মতিঝিল থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মশিউর রহমান জানান, রাতে তাকে আহত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে মতিঝিল থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।
তিনি আরও জানান, কাজী তালাত হোসেন কাহুটের বিষয়ে বিস্তারিত জানতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বরাবর বেতারবার্তা পাঠানো হয়েছে।