কারাগারে স্রোতের মতো ঢুকছে ইয়াবা, বন্দিদের অর্ধেকই মাদক মামলার আসামি

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম 
২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১

পেটের ভেতর ইয়াবা বহন করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রবেশের চেষ্টা করছেন বন্দিদের কেউ কেউ। আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরা কিংবা থানা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো বন্দিদের একটি অংশ এ কৌশলে ইয়াবা নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। 

কালো টেপে মোড়ানো ক্যাপসুলের ভেতরে ইয়াবা ভরে গিলে ফেলছেন তারা। পরে কারাগারের ভেতরে পৌঁছে এসব ইয়াবা বের করে বিক্রি কিংবা সেবন করছেন। এ অবস্থায় মাদক পাচার ঠেকাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিন স্তরের তল্লাশি জোরদার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহভাজন বন্দিদের সাধারণ ওয়ার্ডে না পাঠিয়ে অন্তত দুই দিন আলাদা রাখার ব্যবস্থা করা হচ্ছে।

কারাগার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অন্তত ৩০০টি ছোট-বড় মাদকের চালান আটক করা হয়েছে। এসব ঘটনায় উদ্ধার করা হয়েছে কয়েক হাজার পিস ইয়াবা। এর মধ্যে বড় চালানের ৪৪টি ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এসব ঘটনায় তিন নারী ও ৪১ পুরুষ বন্দির কাছ থেকে মোট ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাকি ঘটনাগুলোতে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

থানায় দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, একেকজন বন্দির পেট থেকে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ তিন হাজার পিস পর্যন্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে। কালো টেপে মোড়ানো প্রতিটি ক্যাপসুলে থাকে ৫০ পিস ইয়াবা। একজন বন্দি এক থেকে সর্বোচ্চ ১৫টি পর্যন্ত ইয়াবা পেটের ভেতরে বহন করে কারাগারে প্রবেশের চেষ্টা করেছেন। গত ১০ মাসে উদ্ধার হওয়া ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা পাওয়া গেছে ৩১১টি ক্যাপসুল থেকে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুধু কারাগারে প্রবেশের সময় নয়, ভেতরে মাদক সেবনের সময়ও অনেক বন্দি ধরা পড়েছেন। কারা কর্মকর্তাদের ধারণা, বাইরে থেকে বিভিন্ন কৌশলে মাদক ভেতরে নেওয়ার পাশাপাশি কারাগারের অভ্যন্তরেও মাদক সেবনের একটি চক্র সক্রিয় রয়েছে। সেবনের সময় ধরা পড়া বন্দিদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

সৈয়দ শাহ্ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা ইয়াবা খেয়ে পেটের ভেতরে নিয়ে আসেন। এ ছাড়া মলদ্বারসহ শরীরের বিভিন্ন অংশে লুকিয়েও মাদক আনার চেষ্টা করেন তারা। যেকোনোভাবে মাদক কারাগারের ভেতরে নিয়ে গিয়ে সেবনের সুযোগ নিতে চান বন্দিদের কেউ কেউ। গত ১০ মাসে কারাগারে অসংখ্য ছোট-বড় মাদকের চালান উদ্ধার করা হয়েছে। প্রতিদিনই দুই-তিনটি করে মাদকের ছোট-বড় চালান ধরা পড়ছে। এর মধ্যে ৪৪টি ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এসব ঘটনায় মোট ১৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

জেলার আরও বলেন, ‘বন্দিদের নিয়মিত তল্লাশির পাশাপাশি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও সেলে নজরদারি বাড়ানো হয়েছে। কারাগারের প্রবেশপথে এখন বন্দিদের একাধিক দফায় দেহ তল্লাশি করা হচ্ছে। মুখের ভেতর থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ পরীক্ষা করছেন দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা। একবার তল্লাশি করেই কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ভেতরে ও বাইরে কয়েক ধাপে পরীক্ষা করা হচ্ছে বন্দিদের। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদালত থেকে কারাগারে আসা বন্দিদের এ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে যেসব বন্দির বিরুদ্ধে মাদক পাচারের সন্দেহ রয়েছে, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ম্যানুয়াল পদ্ধতিতে পেটের ভেতরে থাকা এ ধরনের মাদক শনাক্ত করা কিছুটা কঠিন। তারপরও কারাগারের প্রবেশপথ থেকে শুরু করে তিন স্তরে তল্লাশি করা হচ্ছে। পেটের ভেতরে থাকা একটি ইয়াবার ক্যাপসুলও ফেটে গেলে সংশ্লিষ্ট বন্দির মৃত্যু নিশ্চিত। বড় চালান জব্দের ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। ছোট চালানের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী বন্দিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কারা কর্তৃপক্ষ।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘কারাগার থেকে মাদক উদ্ধারের যেসব মামলা হয়, সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।’

এদিকে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি বন্দি থাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাদক নিয়ন্ত্রণের বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। ২ হাজার ২৪৯ জন বন্দির ধারণক্ষমতার এ কারাগারে বর্তমানে রয়েছেন ৭ হাজার ৭০০ বন্দি। অর্থাৎ ধারণক্ষমতার তিন গুণেরও বেশি বন্দি রয়েছেন সেখানে। তাদের মধ্যে অন্তত সাড়ে তিন হাজার বন্দি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি। 

কারা কর্মকর্তাদের ভাষ্যমতে, বিপুলসংখ্যক মাদক মামলার আসামি একই কারাগারে অবস্থান করায় ভেতরে মাদক পাচার ও সেবনের প্রবণতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে।

কারা অধিদফতরের চট্টগ্রাম বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে দ্রুত একটি নারকোটিক কারাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া প্রয়োজন। সাধারণ বন্দিদের কাছ থেকে মাদকাসক্ত ও মাদক মামলার বন্দিদের আলাদা রাখা গেলে তাদের পুনর্বাসন কার্যক্রম সহজ হবে। একই সঙ্গে সাধারণ বন্দিদের ওপর মাদকের নেতিবাচক প্রভাবও কমানো সম্ভব হবে।’

/এএম/ 
সম্পর্কিত
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
মেক্সিকোয় মাদক সম্রাট ‘এল চাপো ইসিদ্রো’ আটক, সংঘর্ষে চার সেনাসহ নিহত ১১
দুর্নীতির মামলায় ১৪ বছরের সাজা, কারাগারে আশফাক আজিজ রুবেল
সর্বশেষ খবর
কোথাও পাহাড়, কোথাও জলপ্রপাত! ইউরোপের মনমুগ্ধকর পাঁচ জাতীয় উদ্যান
কোথাও পাহাড়, কোথাও জলপ্রপাত! ইউরোপের মনমুগ্ধকর পাঁচ জাতীয় উদ্যান
রেস্তোরাঁর কর্মী থেকে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক, নিখিলের গল্প সিনেমাকেও হার মানায়!
রেস্তোরাঁর কর্মী থেকে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক, নিখিলের গল্প সিনেমাকেও হার মানায়!
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪
শেরে বাংলা এ কে ফজলুল হকের 'বেঙ্গল টুডে' ।। পর্ব—০৪
‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর
‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি