
দুর্বৃত্তদের চিনে ফেলায় খুন হয়েছেন মেঘলা আক্তার (১৪) নামে এক গার্মেন্ট কর্মী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর সেনপাড়া এলাকায় রবিবার এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেঘলা ও রুমি একই কারখানায় কাজ করতো। রবিবার ভোর ৫টায় ঘর থেকে বের হয় মেঘলা। ওই সময়েও রুমি ঘর থেকে বের না হওয়ায় অন্যান্য দিনের মতো বান্ধবীকে বাড়ি থেকে ডাকতে যায় সে। রুমি কাঁচপুর সেনপাড়া এলাকায় চার তলা ভবনের তৃতীয় তলায় থাকে। রুমিকে ডাকতে উপরে উঠার আগেই সিঁড়িতে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে চতুর্থ তলার একটি রুমে ধর্ষণের চেষ্টা করে। তবে সবাইকে সে চিনে ফেলায় ওই যুবকরা মেঘলার গলায় ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। মেঘলা ওই অবস্থায় দৌঁড়ে নিজের বাড়িতে চলে যায়। পরে তার বড় ভাই মোহাম্মদ আকাশ ও পরিবারের লোকজন মেঘলাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু ঘটে।
মেঘলা স্থানীয় ‘নবাব আলী ইন্ডাস্ট্রিজ’ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার পারুলিয়া গ্রামে।
আরও পড়ুন: কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত
পুলিশের একটি সূত্র জানায়, রুমি যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়ির ভাড়াটিয়া কয়েকজন যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো। কিন্তু মেঘলা তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত ছিল তারা। আর মেঘলা কখন রুমির বাড়িতে যেত সেটাও নজরে রাখতো ওই যুবকেরা।
পুলিশকে নিহত মেঘলার বড় ভাই আকাশ জানিয়েছেন, তার বোনকে প্রায়ই সেনপাড়া এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতো। এ কারণেই মেঘলা তার বান্ধবী রুমিকে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যাতায়াত করতো।
এ বিষয়ে সোনারগাঁও থানার এস আই মো. এলাহী মিয়া জানিয়েছেন, মৃত্যুর আগে মেঘলা জানিয়েছে, ভোরে কাজে যোগ দিতে যাওয়ার সময় বাড়ি থেকে বের হলে রাস্তায় ৪-৫ জন যুবক তাকে আটক করে। মুখ চেপে ধরে আজিজ মিয়ার চারতলা ভবনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেঘলা তাদের চিনতে পেরেছে বলায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আরও পড়ুন: দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন, আমিনুল (৩০), তুহিন (২৪) ও শরিফুল (২৪)। তারা বিভিন্ন শিল্প কারখানাতে চাকরি করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এসটি/এপিএইচ/







