শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম লিটনের ওপর হামলা করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহসীন এর সমর্থকরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টার দিকে গোসাইরহাট উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী।
আহত রেজাউল করিম লিটন অজ্ঞাত স্থানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম লিটন বেলা ১১টার দিকে নির্বাচনি কাজে গোসাইরহাট উপজেলা পরিষদে আসেন। কাজ শেষে বের হয়ে আসার পর উপজেলা পরিষদ চত্বরেই নৌকার প্রার্থী মোঃ মহসীন এর কয়েকজন সমর্থক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে লিটন দৌঁড়ে পালিয়ে যান।
স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম লিটন মোবাইল ফোনে সংবাদকর্মীদের জানান, পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজন সিকদারের নেতৃত্বে নৌকার কয়েকজন সমর্থক তার ওপর হামলা চালিয়েছে। তারা ধারালো অস্ত্র দিয়ে তার হাতে কোপ দেয় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে আঘাত করে। তিনি কোনওরকম জীবন নিয়ে পালিয়ে এসেছেন।
নাগেরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মহসীন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার কথা শুনেছি। আমার লোকজন তার ওপর হামলা করেনি। এটা ইউনিয়নের বাইরের ঘটনা। এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-
ইউপি নির্বাচন: রাঙামাটিতে ক্ষমতাসীনরাও আতঙ্কে
আদালতে হাজিরা দিলেন খালেদা, সময় আবেদন মঞ্জুর
/এফএস/








