নারায়ণগঞ্জের বুড়িগঙ্গায় দুটি লঞ্চ থেকে ২ হাজার ২৪০ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশন। সোমবার দুপুরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের কাছে এসব পলিথিন হস্তান্তর করা হয়। জব্দ করা এসব পলিথিনের মূল্য ৩ লাখ ৩৩ হাজার টাকা।
পাগলা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান, ‘পরিবেশ সুরক্ষা অভিযান’ এর অংশ হিসাবে গত রোববার রাতে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী ‘এমভি রাজধানী ও এমভি টিপু’ নামের দুইটি লঞ্চ থেকে মালিকানাহীন অবস্থায় ২ হাজার ২৪০শ’ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, নিষিদ্ধ পলিথন জব্দ করার ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলিথিনগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এমও/








