সাভারে নব্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আয়োজিত একটি ইফতার মাহফিলে ইফতার বিতরণকে কেন্দ্র করে কয়েক দফায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ ও পদদলিত হয়ে অন্তত ১০ জন আহত হন। রবিবার সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকার কাউন্দিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান শান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় রবিবার গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কাউন্দিয়া ইউনিয়নের কয়েকশ’ গ্রামবাসী উপস্থিত ছিলেন। ইফতারের আগ মুহুর্তে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়দের মধ্যে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ শুরু করেন চেয়ারম্যানের লোকজন। এসময় ইফতার বিতরণকে কেন্দ্র করে শুরু হয়ে যায় হট্টগোল। কয়েক দফায় আয়োজক কমিটির সঙ্গে ইফতারে আসা স্থানীয়দের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইফতার আয়োজক কমিটির সঙ্গে স্থানীয়দের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ইফতার না করেই বাড়ি ফিরে গেলে ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে যায়।
স্থানীয় আবুল হোসেন জানান, কাউন্দিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত খান ইফতার মাহফিলে দাওয়াত করেন। তবে ইফতার বিতরণের সময় অনুষ্ঠানের আয়োজক কমিটি বিশৃঙ্খলার সৃষ্টি করে। তারা কয়েকজন স্থানীয়কে গালমন্দও করে। পরে তিনি ইফতার না করেই বাড়ি ফিরে যান বলে অভিযোগ করেন।
ইফতার না পেয়ে একই রকম প্রতিক্রিয়া জানান ওই এলাকার রমিজ আলী, শাহনাজ বেগম, হাসেন মিয়াসহ একাধিক স্থানীয়।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইফতার মাহফিলে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। তবে তাদের কয়েকজন নেতাকর্মী চলে যাওয়ার পরপরই এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দুই চোরাকারবারি আটক
/টিএন/আপ-এআর/








