কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন করিমগঞ্জ পৌরসভার আশুতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি দোকানে শিশু হোসাইন আইসক্রিম কিনতে যায়। আইসক্রিম কিনে ফেরার পথে পাশের দোকানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় সেখানে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে এর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: গাছ চোরদের থাবায় বিপন্ন লাউয়াছড়া!
/এআর/







