সাভারে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের সেলস ম্যানেজার ছানোয়ার হোসেনকে (৩৯) গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার চারাবাগ এলাকার রাজু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের সেলস ম্যানেজার ছানোয়ার হোসেন আশুলিয়ার আনোয়ার জং সড়কের চারাবাগ এলাকার রাজু মার্কেটের নিউ সিটি ফার্মেসি থেকে প্রায় দেড় লাখ টাকা উত্তোলন করেন। তিনি ওই টাকা ডাচ বাংলা ব্যাংকে জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে ওঠেন। এ সময় রাজু মার্কেটের সামনে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সেলস ম্যানেজারের বাম পায়ে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন:
মিতু হত্যাকাণ্ড: ভোলা ‘খুনিদের’ অস্ত্র দেয়, সরবরাহ করে মনির
দুই ‘খুনির’ জবানবন্দি নিয়ে পুলিশের রহস্যময় রাখঢাক
/বিটি/








