নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডক ইয়ার্ড শ্রমিক মো. ফয়সাল হত্যা মামলার আসামি খন্দকার আজমল বাবু (২৫) ও তার সহযোগি আজিম আহমেদকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে জাল পাসপোর্ট ও সিলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃত খন্দকার আজমল বাবু (২৫) বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ও অপরজন আজিম আহমেদ বন্দর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়,সোমবার রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১১ এর এএসপি মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে একটি দল সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩১টি পাসপোর্ট, বিভিন্ন মেডিক্যাল অফিসারের নামে ৭টি ভুয়া সিল, দালালির মাধ্যমে আদায়কৃত নগদ ৫৫ হাজার ১০১ টাকা, ২৯৩টি জন্ম নিবন্ধন সনদ, ২১টি পূরণকৃত পাসপোর্টের আবেদন ফরম উদ্ধার করা হয়। খন্দকার আজমল বাবু তার সহযোগী আজিম আহম্মেদসহ অন্য দালালদের নিয়ে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের জালকুড়ি পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। খন্দকার আজমল বাবু এ চক্রের মূল হোতা। সে জালকুড়ি পাসপোর্ট অফিসে আসা জনসাধারণের কাছে থেকে অতিরিক্ত ফি আদায়সহ তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এছাড়া এলাকায় প্রভাব বিস্তার এবং কথা কাটাকাটিকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে আজমল বাবু অন্যদের সহযোগীতায় গত ২৯ জুলাই বন্দর ডকইয়ার্ডের শ্রমিক মো. ফয়সালকে কুপিয়ে হত্যা করে।
/জেবি/
আরও পড়তে পারেন: পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫







